কমাতে হবে ওদের রানের গতি

প্রথম দিনটা যে বাংলাদেশের পক্ষে যায়নি এটা বলার অপেক্ষা রাখে না। দিন শেষে ভারতের গোটা তিনেক উইকেট পড়তে দেখলে একটু খুশি হতাম। যা-ই হোক, মাত্রই প্রথম দিন গেল। এখনই হতাশ হওয়ার কিছু নেই। টেস্ট ক্রিকেটের রং বদলায় ক্ষণে ক্ষণে। সেই প্রত্যাশাতেই আছি।
ভারত খুব দ্রুত রান তুলছে, এটা চিন্তার বিষয়। প্রথম দিনে উইকেটের যে আচরণ দেখলাম, তাতে এটা ব্যাটিংয়ের জন্য খুবই ভালো মনে হচ্ছে। এর মধ্যেও আমাদের বোলাররা চেষ্টা করেছে। এ রকম উইকেটে অর্ধেক সুযোগগুলোকেও কাজে লাগাতে হয়। দুর্ভাগ্য যে আমরা কাল সেটা করতে পারিনি।
উইকেট না পড়লে যেটা হয়, বোলাররা নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করে। বিশেষ করে জুবায়ের আর তাইজুলই কাল সেই চেষ্টা করেছে। আমার মনে হয়, আজ শুরু থেকেই আমাদের চেষ্টা করা উচিত ভারতের রান তোলার গতিটা কমিয়ে আনার। মনে হচ্ছে বড় স্কোরই হতে চলেছে। তবে এ নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। কারণ স্কোরবোর্ডে বড় রান জমানোর সামর্থ্য আমাদের ব্যাটসম্যানদের আছে। কিন্তু ভারত যদি সেই রানটা অল্প সময়ে করে ফেলে তাহলে দল একটু বেশি চাপে পড়ে যাবে।
টেস্ট অভিষেকে লিটন দাসকে অভিনন্দন। ঘরোয়া ক্রিকেটে ওকে যতটুকু দেখেছি, খুবই সম্ভাবনাময় মনে হয়েছে। ওর কাছে তাই প্রত্যাশাও তৈরি হয়েছে। কিন্তু আমি চাইব সে যেন নিজের স্বাভাবিক খেলাটাই খেলে। অনেকেই তো দলে সুযোগ পায় আবার হারিয়ে যায়। কিন্তু আমি চাইব অন্তত আগামী ১০-১২ বছর যেন লিটন বাংলাদেশের হয়ে খেলতে পারে।