কম্পটন-টেলরে উদ্ধার ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩-এর মার্চ থেকে মে—তিন মাসেই নিক কম্পটন দেখে ফেললেন মুদ্রার দুই রূপ। ওই বছর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে তিন টেস্টে ২ সেঞ্চুরিতে কম্পটন করেছিলেন ২৩২। দুই মাস পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কম্পটনের ব্যাট যেন হাসতেই ভুলে গেল। সিরিজটা বড্ড বাজে গেল তাঁর। ২ টেস্টে রান মাত্র ৩৯। এর পরই একটা লম্বা বিরতি।
আড়াই বছর পর ডারবান টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন কম্পটন। প্রত্যাবর্তনটা দারুণই হলো ইংলিশ কিংবদন্তি ডেনিস কম্পটনের পৌত্রের। কম্পটনের সঙ্গে জ্বলে উঠলেন পাকিস্তানের বিপক্ষে শারজা টেস্টে প্রায় তিন বছরের বিরতিতে ফেরা জেমস টেলরও। দুজনের দারুণ দুটি ফিফটিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেল ইংল্যান্ড।
ডেল স্টেইনের তোপে শুরুতেই কেঁপে ওঠে ইংলিশদের ব্যাটিং লাইনআপ। স্কোরবোর্ডে ১২ রান উঠতেই ফিরে যান দুই ওপেনার অ্যালিস্টার কুক ও অ্যালেক্স হেলস। তৃতীয় উইকেটে জো রুটের সঙ্গে কম্পটন যখন ইনিংস মেরামতের চেষ্টা করছেন, তখনই প্রোটিয়াদের আরেকটি আঘাত। ডেন পিটের বলে এলবিডব্লু হয়ে ফেরেন ২৪ করা জো রুট। তবে কম্পটন-টেলরের চুতর্থ উইকেট জুটিতে বিপর্যয় থেকে আপাতত উদ্ধার। ১২৫ রানের জুটি ভাঙতে আবারও গর্জে ওঠে ‘স্টেইন-গান’! প্রোটিয়া ফাস্ট বোলারের বলে আউট হওয়ার আগে টেলরের রান ৭০। কম্পটন অপরাজিত আছেন ৬৩ রানে। ৪ উইকেটে ১৭৯ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড।
বৃষ্টির বাগড়ায় খেলা থেমে যায় দুই দফা। আলোক-স্বল্পতার কারণে প্রায় ১২ ওভার বাকি থাকতেই শেষ হয় প্রথম দিনের খেলা। ক্রিকইনফো।