করলে সেঞ্চুরিই, না করলে নাই!

মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার! জটিল লাগছে? ক্রিকেটীয় ‘প্রবচন’ই শুনুন তবে। হয় ছক্কা, নয় অক্কা! এ-ই যেন লোকেশ রাহুলের ব্যাটিং দর্শন। ব্যাট করতে নামলে হয় সেঞ্চুরি করব, নয় তো কিছুই নয়! সেই ধারা ধরে রেখে আজ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন এই ওপেনার। তাঁর ১০৮, রোহিত শর্মার ৭৯ ও বিরাট কোহলির ৭৮—এই তিন ইনিংসের সৌজন্যে কলম্বো টেস্টের প্রথম দিনে ৬ উইকেটে ৩১৯ তুলেছে ভারত।
রাহুলের রান করার ধারা বেশ অদ্ভুত। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমেছিলেন আজ। এই নিয়ে সব মিলিয়ে সাতবার ব্যাট করতে নেমেছেন এই ডান হাতি। মোট রান ২৫০ রান, এর মাঝে দুবার শতকও হাঁকিয়েছেন। মাত্র চার টেস্টে দুটি শতরানের ইনিংসের পরও ক্যারিয়ার গড় ৩৬ এর নিচে। কারণ কী? দুটি সেঞ্চুরির বাদে রাহুলের সর্বোচ্চ ইনিংসটা যে মাত্র ১৬ রানের! তবুও তো একবার ১৬ করেছেন। বাকি চারবার দুই অঙ্কই পার হওয়া হয়নি। কমপক্ষে ৫০ বল খেলেছেন এমন ইনিংসগুলোতে তাঁর ব্যাটিং গড় যেখানে ১০৯, সেখানে ৫০-এর কম বল খেলা ইনিংসে গড় মাত্র ৬.৪০!
একই রাহুলের এ যেন পরস্পর বিরোধী দুটো চরিত্র। কোহলি ভেবে খুশি হয়েছেন, আজ দ্বিতীয় সত্তা নয়, প্রথম সত্তাটিরই দেখা মিলেছে। না হলে গত টেস্টে লজ্জাজনকভাবে গুটিয়ে যাওয়ার মানসিক ধাক্কা নিয়ে ব্যাট করতে নামা ভারত আজও ১২ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকেই কোহলি-রাহুলের ১৬৪ রানের জুটি টেনে তোলে ভারতকে। দীর্ঘ রান খরা কাটানোর আভাস দেওয়া কোহলি টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি থেকে ২২ রান দূরে ফিরে যান। এর পর রোহিতের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন বেঙ্গালুরুর এই ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।
কুমার সাঙ্গাকারার বিদায়ী ম্যাচে দিনটি নিজের করে নিতে পারেননি কোনো লঙ্কান বোলারই। দুটি করে উইকেট পেয়েছেন রঙ্গনা হেরাত ও ধাম্মিকা প্রসাদ। বাকি দুটো উইকেট অ্যাঞ্জেলো ম্যাথুস ও দুষ্মন্ত চামিরার।