করাচিতে আকরামের গাড়িতে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আক্রান্ত হওয়ার পর সংবাদমাধ্যমের সামনে ওয়াসিম আকরাম l এএফপি
আক্রান্ত হওয়ার পর সংবাদমাধ্যমের সামনে ওয়াসিম আকরাম l এএফপি

পাকিস্তান তো বটেই, পৃথিবীরই অন্যতম বিপজ্জনক শহর করাচি। সেখানেই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো গুলি। ঘটনায় আকরাম অক্ষত থাকলেও গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়ি। ঘটনাটিকে ‘রাস্তার রেষারেষি’ উল্লেখ করে সন্ত্রাসী হামলার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে পুলিশ।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে একটি পেস বোলিং শিবির পরিচালনা করছেন আকরাম, নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সেখানে। পথেই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক, ‘একটা গাড়ি এসে আমার গাড়িকে ধাক্কা দেয়। সরে যেতে বলতেই এক লোক বেরিয়ে এসে আমার গাড়ির দিকে গুলি চালায়। তাকে দেখে অফিসারের মতো লাগছিল।’ ঘটনার একপর্যায়ে আকরাম ধাক্কা দেওয়া গাড়িটিকে ধাওয়া করেন বলেও জানান, ‘ঘটনাটা ছোটই ছিল। আমি ওই গাড়ির চালককে থামতে বলি। কিন্তু সে উল্টো গতি বাড়ায়। আমি একটু বিরক্ত হয়ে গাড়িটিকে ধাওয়া করি।’ সর্বকালের অন্যতম সেরা এই পেসার জানান, গাড়িটি প্রথমে তাঁর পথরোধ করে। তারপর পেছনের আসন থেকে একজন বেরিয়ে এসে বন্দুক তাক করে তাঁর দিকে। ঘটনার আকস্মিকতায় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। সেখানেই একজন আকরামকে চিনতে পারলে বন্দুকধারী তাঁর গাড়ির টায়ারে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
রাস্তায় বাদানুবাদের এমন ঘটনা রোজকেরে হলেও আকরাম জানিয়েছেন, গুলির ঘটনাটি একটু অস্বাভাবিকই। তবে পুলিশের ওপর আস্থাই রাখছেন তিনি, ‘পুলিশকে সবকিছু খুলে বলেছি। আমি নিশ্চিত অপরাধী শিগগিরই ধরা পড়বে।’ করাচি পুলিশও ঘটনাটিকে রাস্তার বাগ্বিতণ্ডা হিসেবেই দেখছে। গুলিবর্ষণের খানিক পরেই করাচির ডিফেন্স এরিয়া থেকে আকরামের ওপর হামলাকারী গাড়িটিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক করা গাড়িটির নম্বরপ্লেট একই হলেও রং ভিন্ন। সেখানে অবশ্য কাউকে পাওয়া যায়নি।
আকরামের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। আকরামের সাবেক সতীর্থ ও তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান, সাকলায়েন মুশতাক, অনিল কুম্বলে, শহীদ আফ্রিদি, আহমেদ শেহজাদসহ অনেকেই আকরামের ওপর হামলার নিন্দা জানিয়ে টুইট করেছেন। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় ২০ জন তরুণ পেসারকে প্রশিক্ষণ দিচ্ছেন সাবেক এই বাঁহাতি পেসার। ১৯৮৪ সালে অনুরূপ এক কর্মসূচির মাধ্যমেই প্রচারমাধ্যমের আলোয় আসেন ৫০২টি ওয়ানডে উইকেটশিকারি ওয়াসিম আকরাম। ডন, এএফপি।