করাচিতে এবার আরও বড় হার

জয়ের লক্ষ্য ছিল ১১৫ রান। লক্ষ্যটা প্রথম টি-টোয়েন্টির চেয়ে ১০ রান কম। কিন্তু কাল করাচির সাউথ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা হারল প্রথম ম্যাচের চেয়েও বড় ব্যবধানে। প্রথম ম্যাচে ৭ উইকেটে ৯৫ রান করা সালমারা কাল ৭ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৮০ রান। ফল, ৩৪ রানে হার। আর এতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ২-০-তেই জিতল সানা মিরের দল।
প্রথম ম্যাচের বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছিল তৃতীয় ওভারে। কাল ৩ ওভার শেষেই নেই আগের ম্যাচে সবচেয়ে বেশি রান করা দুই ব্যাটার আয়েশা রহমান ও ফারজানা হক। আয়েশা করেছেন ৫, ফারজানা ৬। দলের রান ৩৮ হতেই ফিরে গেছেন শারমিন আক্তার, অধিনায়ক সালমা খাতুন ও নিগার সুলতানা। বাংলাদেশের সর্বোচ্চ জুটিটা হয়েছে এরপর। ষষ্ঠ উইকেটে ২৭ রান যোগ করেছেন রুমানা আহমেদ ও রিতু মনি। ৩৩ বলে ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেছেন রুমানা। রিতু ফিরে গেছেন ১৭ রানে। দুজনই রানআউট।
কালও পাকিস্তানের ১১৪ রানের ইনিংসে বড় অবদান বিসমাহ মারুফের। প্রথম ম্যাচে ৬৫ রানে অপরাজিত থাকা বিসমাহ কালও অপরাজিত ৩৮ বলে ৪৪ রান করে। এই বাঁহাতিই ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার পেয়েছেন।
৪ অক্টোবর একই ভেন্যুতে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান মহিলা দল: ২০ ওভারে ১১৪/৬ (বিসমাহ ৪৪*, মেরিনা ৩৩, আলিয়া ২০; নাহিদা ২/২৭, লতা ১/১২, সালমা ১/২১)।
বাংলাদেশ মহিলা দল: ২০ ওভারে ৮০/৭ (আয়েশা ৫, শারমিন ৪, ফারজানা ৬, সালমা ১০, রুমানা ২৭, নিগার ০, রিতু ১৭, লতা ১০*, জাহানারা ১ *; সুমাইয়া ২/৯, নিদা ২/১৫, সানা ১/১৪)।
ফল: পাকিস্তান ৩৪ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ ও সিরিজ: বিসমাহ মারুফ।