করাচিতে ধুঁকছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে সিরিজেও হারতে বসেছে সালমা বাহিনী। ছবি: এএফপি
ওয়ানডে সিরিজেও হারতে বসেছে সালমা বাহিনী। ছবি: এএফপি

বহুল আলোচিত পাকিস্তান সফরটি মোটেও ভালো কাটছে না সালমাদের। সফরের প্রথম তিনটি খেলাতেই হার মেনেছেন তাঁরা। সফরের দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিং দুর্দশা চলছে বাংলাদেশ দলের। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রান তুলেছে নারী দল।
২১ রানের মাথায় উদ্বোধনী ব্যাটার শামিমা সুলতানা আউট হওয়ার সময় বোঝা যায়নি এ রকম কিছু ঘটতে চলেছে। বিনা উইকেটে ২১ রান থেকে দ্রুত ২৪ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরও মনে হচ্ছিল ধাক্কা কাটিয়ে উঠবে বাংলাদেশ। অপর প্রান্তে আয়েশা রহমান বেশ সাবলীল ব্যাটিং করছিলেন। ৫৩ রানের মাথায় আয়েশা আউট হয়ে গেলে বিপাকে পড়ে বাংলাদেশ। কারণ পাকিস্তানি বোলিং আক্রমণের সামনে একমাত্র আয়েশাই যা একটু প্রতিরোধ গড়েছিলেন। ৩৯ রান সংগ্রহ করতে ৫৬টি বল খেলেছেন আয়েশা। এই ডানহাতির ইনিংসে ছিল ছয়টি চারের মার। ৫৩ রানেই ষষ্ঠ উইকেটের পতনের পর জুটি গড়েন অধিনায়ক সালমা খাতুন ও নিগার সুলতানা। তাঁরা দুজন মিলে ৭৫ বলে ১৪ রানের জুটি গড়েন। শামুক গতির জুটি গড়েও লাভ হয়নি অবশ্য। উইকেটে থিতু হয়েই আউট হয়ে গেছেন সালমা। ৬৭ রানে সপ্তম উইকেটের পতনের পর জুটি গড়েন নিগার ও রিতু মনি। আয়েশার পর নিগার ও রিতুই কেবল দুই অঙ্ক ছুঁতে পেরেছেন।নিগার করেছেন ৩০ রান এবং রিতুর সংগ্রহ ২৮ রান।  
পাকিস্তানের হয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছিলেন আসমাভিয়া ইকবাল। ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের আসল সর্বনাশ করেছেন আনাম আমিন। ১০ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।