করাচির মর্মান্তিক অগ্নিকাণ্ডে আহত দুই ক্রিকেটারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করাচির এই হোটেলে লেগেছে আগুন। ছবি: এএফপি
করাচির এই হোটেলে লেগেছে আগুন। ছবি: এএফপি

করাচির রিজেন্ট প্লাজা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন দুই ক্রিকেটারও। ইয়াসিম মুর্তাজা ও কারামত আলী নামের এই দুজন প্রথম শ্রেণির ক্রিকেটে ইউনাইটেড ব্যাংক লিমিটেডের (ইউবিএল) খেলোয়াড়। কায়েদে আজম ট্রফিতে খেলতে তাঁরা রিজেন্ট প্লাজা হোটেলে অবস্থান করছিলেন।

আজ সোমবার ভোররাতে করাচির এই চার তারকা হোটেলের মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হন। ইউবিএল ক্রিকেট দল হোটেলটির চতুর্থতলায় অবস্থান করছিল। আগুনের পর হুড়োহুড়িতে পড়ে গিয়ে ইয়াসিমের গোড়ালি হাড় ভেঙে যায়। কারামতের ভেঙেছে হাত। দলের অন্য ক্রিকেটাররা অবশ্য সুস্থই আছেন।

ইউবিএলের ক্রীড়া বিভাগের প্রধান নাদিম খান বলেন, ভোররাতে হোটেলে আগুন লাগলে এই ক্রিকেটাররা তাঁকে ফোন করেন। নাদিম বলেছেন, ‘দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি ক্রিকেটাররা সবাই হোটেলের চতুর্থ তলার জানালায় দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছে। ততক্ষণে হোটেলের নিচতলার রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়েছে ওপরের দিকে। ইয়াসিম আতঙ্কে জানালা দিয়ে লাফ দিয়ে তাঁর গোড়ালি ভেঙে ফেলে। কারামত হাত ভাঙলেও বাকি খেলোয়াড়দের চোট অবশ্য খুব গুরুতর কিছু নয়। তাদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খেলোয়াড়েরা খুব ভয় পেয়েছে।’

এই ধোঁয়ার কুণ্ডলীর ম​ধ্য থেকে বেরোতে গিয়েই এভাবে আহত হয়েছেন ক্রিকেটাররা। ছবি: টুইটার
এই ধোঁয়ার কুণ্ডলীর ম​ধ্য থেকে বেরোতে গিয়েই এভাবে আহত হয়েছেন ক্রিকেটাররা। ছবি: টুইটার

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সদস্য শোয়েইব মাকসুদও অগ্নিকাণ্ডের সময় রিজেন্ট প্লাজায় ছিলেন। তিনি অবশ্য নিরাপদেই বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। ইউবিএলের সঙ্গে হাবিব ব্যাংকের আজকের দিনের খেলা এই ঘটনায় স্থগিত করা হয়েছে। নাদিম বলেছেন, ব্যাপারটা নিয়ে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ করবেন। ভয়াবহ অভিজ্ঞতার পর কোনো ক্রিকেটারই এখন খেলার মতো মানসিক অবস্থায় নেই।