করুণ-উচ্ছ্বাসে কম্পিত ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিকেই টেনে নিয়ে গেলেন ট্রিপল সেঞ্চুরি পর্যন্ত। উদ্‌যাপনটা অবশ্য সাদাসিধেই করলেন করুণ নায়ার। কাল চেন্নাইয়ে l রয়টার্স
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিকেই টেনে নিয়ে গেলেন ট্রিপল সেঞ্চুরি পর্যন্ত। উদ্‌যাপনটা অবশ্য সাদাসিধেই করলেন করুণ নায়ার। কাল চেন্নাইয়ে l রয়টার্স

টিভিতে খেলা দেখতে প্রেমা নায়ারের আপত্তি নেই। শুধু ছেলে ব্যাটিংয়ে নামলেই সমস্যা। ছেলের ব্যাটিংয়ে নামার সম্ভাবনা দেখলেই টিভিটা বন্ধ করে দেন। তিনি বসলেই যে ছেলে করুণ খারাপ খেলে! তাই রেকর্ড করে রাখা ইনিংস দেখেই সান্ত্বনা খোঁজেন। সেই প্রেমা নায়ার কাল প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন।
প্রথম মাঠে এসেই অবিশ্বাস্য এক অভিজ্ঞতা হলো প্রেমার। অশ্রুভেজা চোখে দেখেছেন কীভাবে ইতিহাসে নিজের নামটা লিখিয়ে ফেলছে তাঁর আদরের ছেলে। একের পর এক রেকর্ড ভেঙে ট্রিপল সেঞ্চুরি করেছেন করুণ নায়ার। রেকর্ড গড়া এই ট্রিপল সেঞ্চুরিতে নিষ্প্রাণ চেন্নাই টেস্টটা জমে উঠল হঠাৎ। ৭ উইকেটে ৭৫৯ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। ইনিংস পরাজয় ঠেকাতেই শেষ দিনে ইংল্যান্ডের দরকার ২৭০ রান।
প্রেমার ভয় পাওয়ার কারণ আছে। ভারত দলে ডাক পাওয়ার পর থেকেই তো দুর্ভাগ্য তাড়া করছে করুণকে। জুলাই মাসে জিম্বাবুয়ে সফরের আগে নদীতে ডুবে মরতে বসেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। টেস্ট অভিষেকে রানআউট হয়েছেন মোহালিতে। মুম্বাই টেস্টেও রিভিউ নিয়ে তাঁকে আউট করেছে ইংল্যান্ড। সেটাও মাত্রই ঘরে ফেরা প্রেমা টিভি খোলার সঙ্গে সঙ্গে! ছেলের এমন দুর্ভাগ্যের কারণ হতে চান কোন মা?
কালাধরন অবশ্য স্ত্রীর মতো ভিতু নন। ছেলের খেলা মাঠে গিয়েই দেখার অভ্যাস বাবার। তবু কাল নতুন এক অভিজ্ঞতা হয়েছে কালাধরনের, রঞ্জি ট্রফিতে একের পর এক সেঞ্চুরি করলেও গ্যালারিতে বসা পরিবারের দিকে কখনো ব্যাট উঁচিয়ে ধরেননি করুণ। কিন্তু কাল কোনো কার্পণ্য করেননি, যখনই কোনো মাইলফলক ছুঁয়েছেন, ব্যাট উঁচিয়ে ধরে মা-বাবাকে জানিয়েছেন নিজের কৃতজ্ঞতা, ‘বাবা তো আমার অধিকাংশ ম্যাচই দেখেন। এখানে আসার জন্য তাঁদের ধন্যবাদ দিচ্ছি। মনে হয়, আমাকে নিয়ে এখন তাঁরা গর্ব করতে পারেন!’
করুণের ইনিংসটি দেখে ক্রিকেট রোমান্টিকরা কাব্য করবেন না। পরশু ৩৪ রানে একবার জীবন পেয়েছিলেন, কাল ১৫৪ রানেও একবার। আগেই রিভিউ নষ্ট করে ফেলায় আম্পায়ারের ভুল শোধরাতে পারেনি ইংল্যান্ড। ২১৭ রানে জ্যাক বল একবার বাধ্য করেছিলেন ক্যাচ তুলতে, সেটাও হাতছাড়া করেছেন জো রুট। আর ২৪৬ রানে মঈন আলীকে গ্যালারিতে আছড়ে ফেলতে গিয়ে স্টাম্পড হতে বসেছিলেন। কিন্তু জনি বেয়ারস্টোর বদান্যতায় সেবারও জীবন ফিরে পান করুণ।

তবে এত দিন দুর্ভাগ্যের ঘেরাটোপে আটকে থাকা করুণের এসব পাওনা ছিল। সুযোগগুলোকে কাজেও লাগিয়েছেন বন্ধু লোকেশ রাহুলের পরিবর্তে মোহালিতে দলে জায়গা পাওয়া করুণ, তৃতীয় টেস্টেই ট্রিপল সেঞ্চুরি করে। ক্যারিয়ারের প্রথম দুই ইনিংসে ৪ ও ১৭ রানে আউট হওয়া করুণ এবার অপরাজিত ৩০৩ রানে! ১৮৫ বলে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সেটাই ডাবলে রূপ দিলেন ১২১ বলে। আর তৃতীয় শতকটি করলেন মাত্র ৭৫ বলে। আদিল রশিদের বলে পয়েন্ট দিয়ে মারা এক চারে। এই রশিদকেই একটু আগে দুই ওভারে ৪টি চার ও ১টা ছক্কা মেরেছেন করুণ, সীমানায় পাঁচ ফিল্ডার থাকা অবস্থাতেই!

করুণের এমন উগ্রমূর্তিতেই ম্যাচে এখন পরাজয়ের শঙ্কায় ইংল্যান্ড। ৪৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ভারত ষষ্ঠ ও সপ্তম উইকেটে ৩১৯ রান তুলে উল্টো ২৮২ রানের লিড নিয়েছে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১২ রান তুলেছে ইংল্যান্ড। তথ্যসূত্র: ক্রিকইনফো।

প্রথম

বীরেন্দর শেবাগের পর ভারতের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান করুণ নায়ার।

মাত্র তিন!

প্রথম ট্রিপল সেঞ্চুরি পেতে নায়ারকে খেলতে হলো মাত্র ৩ ইনিংস! তাঁর আগে সবচেয়ে দ্রুত (৯ ইনিংস) ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের লেন হাটনের (৩৬৪)। ডন ব্র্যাডম্যান (৩৩৪) ও ইংলিশ ব্যাটসম্যান জন এডরিচের (৩১০*) ত্রিশতক পেতে অপেক্ষা করতে হয়েছিল ১৩ ইনিংস।

তৃতীয়

নিজের প্রথম সেঞ্চুরিকে ত্রিশতকে রূপ দিয়ে ক্যারিবীয় কিংবদন্তি গ্যারি সোবার্স (৩৬৫) ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের (৩১১) পাশে নায়ার।

চতুর্থ

পাঁচ বা তারপরে নেমে ট্রিপল সেঞ্চুরির চতুর্থ ঘটনা এটি। অবশ্য নায়ারের (৩০৩*) মতো ডন ব্র্যাডম্যান (৩০৪), মাইকেল ক্লার্ক (৩২৯*) ও ব্র্যান্ডন ম্যাককালামও (৩০২) ইনিংসগুলো খেলেছেন পাঁচে নেমে।

২৩২

চতুর্থ দিনেই ২৩২ রান করেছেন নায়ার। টেস্টের এক দিনে কোনো ব্যাটসম্যানের দশম সর্বোচ্চ রান এটি। সর্বোচ্চ রানের রেকর্ডটি অবশ্যই ব্র্যাডম্যানের। ১৯৩০ সালে হেডিংলি টেস্টের প্রথম দিনেই ৩০৯ রান করে অপরাজিত ছিলেন সর্বকালের সেরা ব্যাটসম্যান।