করুণারত্নেই এগিয়ে রাখলেন শ্রীলঙ্কাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই টেস্টের আগে ১২ ইনিংসে আটবার এক অঙ্কে আউট হয়েছেন। সংখ্যাটা ১৪-তে ১০ হতে পারত দিমুথ করুণারত্নের, যদি জিম্বাবুয়ের ফিল্ডারদের হাতগুলো অমন মাখনগলা না হতো। তাঁরা ক্যাচ ছেড়েছেন, সেটির সদ্ব্যবহারটা ভালোই করেছেন শ্রীলঙ্কান ওপেনার।
প্রথম ইনিংসে ৩ রানে জীবন পেয়েও থেমেছিলেন ফিফটিতে, হারারেতে কাল দ্বিতীয় ইনিংসে করুণারত্নে জীবন পেলেন শূন্য রানেই। তবে এবার আর ‘হাফ’ নয়, সেঞ্চুরিটাকে ‘ফুল’ই করে ছাড়লেন ২৮ বছর বয়সী ওপেনার। তাঁর সেঞ্চুরি, সঙ্গে ধনঞ্জয়া ডি সিলভার ফিফটিতে দ্বিতীয় ইনিংসে বৃষ্টিতে খেলা থেমে যাওয়ার আগে শ্রীলঙ্কা করল ৬ উইকেটে ২৪৭ রান। চতুর্থ দিন শেষেই লঙ্কানদের লিড দাঁড়িয়েছে ৪১১ রান।
শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষ করেছিল বিনা উইকেটে ৫ রান নিয়ে, তখনই লিড ছিল ১৬৯ রানের। কাল দিনের শুরুতে অবশ্য অভিষিক্ত জিম্বাবুইয়ান পেসার মুম্বা ধাক্কা দেন শ্রীলঙ্কাকে। ওপরের সারির তিন ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন তিনি, ওয়ালার ফিরিয়েছেন অন্যজনকে। ১১৭ রানেই চারজনের বিদায়ের পরও ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন করুণারত্নে। এরপর তাঁকে যোগ্য সঙ্গ দিলেন ধনঞ্জয়া (৬৪)। পঞ্চম উইকেটে দুজনের ৯৪ রানের জুটিটাই মূলত বিশাল এই লিড এনে দিয়েছে শ্রীলঙ্কাকে।
শ্রীলঙ্কার জয়ের পথে এখন দুটি চ্যালেঞ্জ—দিন আছে আর একটি, ফেলতে হবে জিম্বাবুয়ের ১০ উইকেট। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫৩৭ ও ৬১.৫ ওভারে ২৪৭/৬ (করুণারত্নে ১১০, সিলভা ৭, পেরেরা ১৭, মেন্ডিস ১৯, থারাঙ্গা ১, ধনঞ্জয়া ৬৪, গুনারত্নে ১৬*, দিলরুয়ান ১*; এমপফু ১/৪২, ক্রেমার ০/৬৭, মুম্বা ৪/৫০, তিরিপানো ০/৩৩, ওয়ালার ১/১৭, উইলিয়ামস ০/৫, মাসাকাদজা ০/২২)।
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৭৩।