করুণের দুর্ভাগা পূর্বসূরিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ট্রিপল সেঞ্চুরিও যথেষ্ট হলো না! অপরাজিত ৩০৩ রান করেও পরের টেস্টে ভারতীয় দলে জায়গা হলো না করুণ নায়ারের। চোট কাটিয়ে ফিরেছেন অজিঙ্কা রাহানে। তাঁকে জায়গা করে দিতেই বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদ টেস্টটা ড্রেসিংরুমে বসে দেখতে হচ্ছে নায়ারকে। এমন দুর্ভাগ্যের শিকার নায়ারই প্রথম নন। বড় ইনিংস খেলেও পরের ম্যাচে দলে না থাকা কয়েকজন দুর্ভাগার কাহিনি এটা।
অ্যান্ডি স্যান্ডহাম (ইংল্যান্ড)
৩২৫, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, কিংস্টন, ১৯৩০
১৯৩০ সালের এপ্রিলে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ইতিহাসের প্রথম ট্রিপল সেঞ্চুরিটি করেছিলেন ইংল্যান্ডের অ্যান্ডি স্যান্ডহাম। দ্বিতীয় ইনিংসেও ৫০ করেন। এক ম্যাচে ৩৭৫ রান করা পরও পরের টেস্ট এমনকি আর কখনোই ইংল্যান্ডের হয়ে খেলেননি স্যান্ডহাম!
ইনজামাম-উল-হক (পাকিস্তান)
৩২৯, বিপক্ষ, নিউজিল্যান্ড, লাহোর, ২০০২
ইনজামামের ঘটনাটা ভিন্ন। ইনজামাম ক্যারিয়ার-সর্বোচ্চ ইনিংসটা খেলেন সিরিজের প্রথম টেস্টে। করাচিতে দ্বিতীয় টেস্টের আগে টিম হোটেলের সামনে গাড়িবোমা বিস্ফোরণে ১৪ জন মারা যাওয়ার পর বাতিল হয়ে যায় সিরিজই। এর কিছুদিন পরই শল্যবিদের ছুরির নিচে যেতে হয় ইনজিকে। গোড়ালির অস্ত্রোপচার করায় খেলতে পারেননি অস্ট্রেলিয়ার সঙ্গে পরের সিরিজটি।
লেন হাটন (ইংল্যান্ড) 
৩৬৪, বিপক্ষ অস্ট্রেলিয়া, ওভাল, ১৯৩৮ 
১৯৩৮-এর আগস্টে ওভালে অ্যাশেজে সিরিজের শেষ টেস্টে ৩৬৪ করেও হাটন পরের টেস্টে বাদ পড়েছিলেন। কেন জানেন? অ্যাশেজের পরই ইংল্যান্ড যায় দক্ষিণ আফ্রিকা সফরে। টেস্ট সিরিজ শুরুর আগে স্থানীয় দলের সঙ্গে একটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা পেসার এরিক ডেভিসের বলে আঘাত পান। আর তাতেই জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে একাদশের বাইরে থাকতে হয় এই ইংলিশ ব্যাটসম্যানকে।

জিওফ বয়কট (ইংল্যান্ড)
২৪৬*, বিপক্ষ ভারত, হেডিংলি, ১৯৬৭
শেষ পর্যন্ত এটাই হয়ে রয়েছে সাবেক ইংলিশ ওপেনারের সর্বোচ্চ টেস্ট ইনিংস। কিন্তু ইনিংসটা যেভাবে গড়েছিলেন, সেটাই হলো কাল। দুই বোলারের চোট ভারতের দুর্বল বোলিংকে আরও দুর্বল করে দেয়। সেই বোলিংয়ের বিপক্ষেই খোঁড়াতে খোঁড়াতে ৫৫৫ বলে ২৪৬ রান করেন বয়কট। মন্থর ব্যাটিংয়ের জন্য লর্ডসে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন ২২ টেস্ট সেঞ্চুরির মালিক।

অরবিন্দ ডি সিলভা (শ্রীলঙ্কা)
২০৬, বিপক্ষ বাংলাদেশ, কলম্বো, ২০০২
বাদ পড়েছেন লিখলে অন্যায় করা হবে। টেস্ট ক্রিকেটে নবজাতক বাংলাদেশের বিপক্ষে নতুনদের বাজিয়ে দেখতেই মুত্তিয়া মুরালিধরন, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও মারভান আতাপাত্তুর সঙ্গে ডি সিলভাকেও বিশ্রাম দেওয়া হয়। অবশ্য ওটাই হয়ে আছে শ্রীলঙ্কার প্রথম ব্যাটিং-গ্রেটের শেষ টেস্ট।

জেসন গিলেস্পি (অস্ট্রেলিয়া)
২০১*, বিপক্ষ বাংলাদেশ, চট্টগ্রাম, ২০০৬
বাংলাদেশ সফরে অস্ট্রেলীয় ফাস্ট বোলারের সুযোগ পাওয়াটাই ছিল বিস্ময়কর। গিলেস্পি আরও বিস্ময় উপহার দিলেন চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে নাইটওয়াচম্যান হিসেবে খেলে ডাবল সেঞ্চুরি করে। আসল কাজ বোলিংটা ভালো হচ্ছে না—এই যুক্তিতেই এরপর অস্ট্রেলিয়ার টেস্ট দলে আর সুযোগ পাননি গিলেস্পি। জেনে রাখা ভালো, বাংলাদেশে দুই টেস্টে বল হাতেও কিন্তু ৮ উইকেট পেয়েছিলেন ২৫৯ টেস্ট উইকেটের মালিক।