নষ্ট রিভিউয়ের আগে ক্যাচ মিসের কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিভিউ নিয়ে পুরো দল তাকিয়ে জায়ান্ট স্ক্রিনের দিকে, কিন্তু হতাশাই সঙ্গী হলো সবার। ছবি: এএফপি
রিভিউ নিয়ে পুরো দল তাকিয়ে জায়ান্ট স্ক্রিনের দিকে, কিন্তু হতাশাই সঙ্গী হলো সবার। ছবি: এএফপি

• বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট জুটির রেকর্ডের দুইয়ে এখন মেন্ডিস-ডি সিলভা

• দুটি রিভিউ নষ্ট হয়েছে বাংলাদেশের

• স্লিপে দুটি ক্যাচ মিস হয়েছে আজ

আজ একদিনের জন্য একটা বাংলাদেশ দলে একটা পরিবর্তন আনা যাক। আজ মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েসকে হোটেলের একই কক্ষে রাখা যেতে পারে। দুই রুমমেট মিলে আজ নিজেদের মধ্যে একটা খেলা চালু করুক। একজন আরেকজনের দিকে বল ছুড়ে দেবেন, আর সেটা ধরবেন অন্যজন। ক্যাচিং প্র্যাকটিস আর কী!

কেন? কারণ এ দুজনের দুটো ফসকানো ক্যাচেই যে দ্বিতীয় দিনটা এমন ধূসর হয়ে উঠল। মাত্র ১ উইকেট হারিয়ে ১৮৭ রান করে ফেলেছে শ্রীলঙ্কা। ৯ উইকেট হাতে রেখে ৩২৬ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা।

৩২৬ রান বিশাল একটা সংখ্যা। এর মাঝে অনেক কিছু ঘটে যেতে পারে। এই তো কদিন আগেই ৫৩ রানের মাঝে ৯ উইকেট হারিয়ে জোহানেসবার্গ টেস্ট হেরেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু জোহানেসবার্গের উইকেটের সঙ্গে চট্টগ্রামের উইকেটের যে তুলনা টানা যাচ্ছে না কোনোভাবেই।

‘স্পিন’ ‘স্পিন’ রব তোলা এক উইকেটে বল মাঝেমধ্যে ঘুরছে বটে, কিন্তু উপমহাদেশের উইকেটে সেটাই হওয়া স্বাভাবিক। কিন্তু যে আশায় মাত্র একজন পেসার নিয়ে নেমেছিল বাংলাদেশ, সেই ফণা তোলা ঘূর্ণি কিংবা বাউন্সের হেরফের দেখা যাচ্ছে না। সে ফায়দাই নিচ্ছেন ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১০৪ করেছেন ধনঞ্জয়া। মেন্ডিস আছে ৮৩ রানে।

অথচ মেন্ডিস ফিরতে পারতেন মাত্র ৪ রানে। পঞ্চম ওভারে মোস্তাফিজকে পুল করে চার মেরে শূন্য এড়ালেন মেন্ডিস। সে খুশিতেই কি না পরের বলে ক্যাচ তুলে দিলেন দ্বিতীয় স্লিপে। বাঁ দিকে ডাইভ দিয়ে বলটা হাতে নিতে পারলেন মিরাজ। তাঁর হাতে লেগে দিক বদলানো বলটি গেল ইমরুলের কাছে। কিন্তু ডানদিকে ঝাঁপ দেওয়া ইমরুলের পক্ষে সম্ভব হয়নি অ্যাক্রোবেটিক কোনো ভঙ্গিতে শরীর বাকিয়ে সে ক্যাচ ধরা।

মেন্ডিস আরেকবার জীবন পেলেন ৩১তম ওভারে। এবারও নাটকের মূল দুই কুশীলব মিরাজ-ইমরুল। মিরাজের ভেতরে ঢোকা বল ঠিকভাবে খেলতে পারেননি মেন্ডিস। বলটা একটু দ্রুতই ছুটে গিয়েছে স্লিপে, ধরাটাও কঠিন ছিল। কিন্তু টেস্টে স্লিপ ফিল্ডারদের কাছ থেকে এমন ক্যাচ ধরার আশা তো করাই যায়। মেন্ডিসের রান তখন ৫৭।

শুধু ৮৩ রান করেছেন বলেই নয়, মেন্ডিস বাংলাদেশের ক্ষতি করেছেন আরেকটি দিক দিয়েও। ৩৬ থেকে ৪২ ওভার—এই সময়ের মধ্যে বাংলাদেশ তাদের দুটো রিভিউও নষ্ট করে ফেলেছে। কী আশ্চর্য এবারও মূল চরিত্রের কোনো পরিবর্তন নেই। বোলার তাইজুল ইসলাম, ব্যাটসম্যান মেন্ডিস, আম্পায়ার মারাইস ইরাসমাস। প্রথমে এলবিডব্লু ও পরে কট বিহাইন্ডের আবেদনে রিভিউ ব্যবহার করে দিনের হতাশার পাল্লা ভারী করেছে বাংলাদেশ দল। এর মাঝেই ৪০তম ওভারে আরেকটি রিভিউ নিয়েছিল বাংলাদেশ। ধনঞ্জয়ার বিপক্ষে এবারও এলবিডব্লুর আবেদন করেছিলেন তাইজুল। কিন্তু স্টাম্প থেকে ৩ মিটারের বেশি এগিয়ে থাকায়, ‘আম্পায়ার্স কল’ অর্থাৎ ‘নট আউট’ই রয়ে গেছেন এই সেঞ্চুরিয়ান।

অথচ ইনিংসের শুরুটা কী আশাটাই না জাগিয়েছিল! একমাত্র পেসার মোস্তাফিজুর রহমানকে দিয়ে বোলিং শুরু করান অধিনায়ক মাহমুদউল্লাহ। ফলে পরের ওভারে অন্য প্রান্তে যে স্পিনার আসবেন জানাই ছিল। সানজামুল ইসলামের সেই ওভারের পর চমক দেখান মাহমুদউল্লাহ। মোস্তাফিজকে বসিয়ে বোলিংয়ে আনেন মিরাজকে। আর তাতেই বাজিমাত। মিরাজের বলে স্লিপে ক্যাচ দিলেন দিমুথ করুণারত্নে। ক্যাচ কে ধরেছেন? ইমরুলই।

স্কোরবোর্ডে শ্রীলঙ্কা তখন কোনো রানই তুলতে পারেনি। বাংলাদেশের ৫১৩ রান তখন পাহাড় মনে হচ্ছিল। উইকেটকেও তখন স্পিন-বান্ধব মনে হচ্ছিল তখন। ডানহাতিতে ভর্তি শ্রীলঙ্কার বিপক্ষে দুই বাঁহাতি স্পিনার নেওয়ার বুদ্ধির তারিফও চলছিল।
দিন শেষে অবশ্য সেটা আর বলা যাচ্ছে না!

শ্রীলঙ্কা প্রথম ইনিংস

রান 

 বল

 চার

 ছক্কা

করুনারত্নে ক ইমরুল ব মিরাজ

০

৯

০

০

মেন্ডিম অপরাজিত

৮৩

১৫২

৬

১

ধনঞ্জয়া

১০৪

১২৭

১৫

০

অতিরিক্ত

০       

 

 

মোট (৪৮ ওভারে, ১ উইকেটে)

১৮৭     

 

 

উইকেট পতন: ১-০ (করুনারত্নে, ২.৩ ওভার)

বোলিং: মোস্তাফিজ ৭-১-৩১-০, সানজামুল ১৫-১-৫২-০, মিরাজ ৮-০-৪৫-১, তাইজুল ১৭-৩-৫৬-০, মোসাদ্দেক ১-০-৩-০।                   —দ্বিতীয় দিন শেষে।