জয়াবর্ধনে-সাঙ্গাকারা পরবর্তী যুগে প্রথম টেস্ট সিরিজের সূচনাটা ভালোই হলো শ্রীলঙ্কার। গলের মন্থর উইকেটে প্রথম দিনে ২ উইকেটে ২৫০ রান তুলেছে লঙ্কানরা। দারুণ এক সেঞ্চুরি করে অপরাজিত আছেন ওপেনার দিমুথ করুনারত্নে। ফিফটি করে অপরাজিত তৃতীয় উইকেটে করুনারত্নের সঙ্গে ১৪৯ রানের জুটি গড়া দিনেশ চান্ডিমালও।
সারা দিনে কেন মাত্র ২ উইকেট—চাইলে ফিল্ডারদের দুষতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। লাঞ্চ ও চা-বিরতির মাঝে ক্যারিবীয়দের হাত গলে পড়েছে দুটি ক্যাচ। জেরোম টেলরের বলে প্রথম স্লিপে লাহিরু থিরিমান্নের ক্যাচ ছেড়েছেন ড্যারেন ব্রাভো। ৬ রানে জীবন পাওয়া শ্রীলঙ্কার তিন নম্বর ব্যাটসম্যান অবশ্য সুযোগটা নিতে পারেননি। আউট হয়েছেন আর মাত্র ১০ রান যোগ করেই। ক্রিকইনফো, এএফপি।
তবে সুযোগটা দারুণভাবেই কাজে লাগিয়েছেন চান্ডিমাল। মিড অনে দেবেন্দ্র বিশুর বলে জেরোম টেলর তাঁর ক্যাচটি ফেলেন ১১ রানে। চান্ডিমাল এরপর করেছেন আরও ৬১ রান।
টস জিতে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কা সারা দিনই ধীরেসুস্থে ব্যাট করেছে। শুরুতে রান তোলার গতি ধীর থাকলেও সময়ের সঙ্গে সেটি বেড়েছে। প্রথম সেশনে উঠেছে ৬৭ রান ও দ্বিতীয় সেশনে ৭৭ রান। শেষ সেশনে ওভারপ্রতি ৩.৩১ গড়ে শ্রীলঙ্কা তুলেছে ১০৯ রান। প্রথম দুই সেশনেই ঠিক ৪১ রান করা করুনারত্নে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি পেয়ে গেছেন বিশুকে ছক্কা মেরে।
স্কোরকার্ড
টস: শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ১ম ইনিংস
রান বল ৪৬
করুনারত্নে ব্যাটিং ১৩৫ ২৮৮ ১০ ১
সিলভা ক রামদিন ব রোচ ১৭ ৪৯ ১ ০
থিরিমান্নে ক অতি. ব বিশু ১৬ ৬২ ১ ০
চান্ডিমাল ব্যাটিং ৭২ ১৪৬ ৬ ১
অতিরিক্ত (লেবা ৫, নো ৫) ১০
মোট (৯০ ওভারে, ২ উইকেটে) ২৫০
উইকেট পতন: ১-৫৬, ২-১০১।
বোলিং: টেলর ১২-২-৩৫-০ (নো ৪), রোচ ১৩-৩-৩৩-১, হোল্ডার ১৩-৪-২০-০, গ্যাব্রিয়েল ১১-২-৩৬-০ (নো ১), স্যামুয়েলস ১৮-৪-৪২-০, বিশু ২২-১-৭৮-১, ব্রাফেট ১-০-১-০।