করোনা থেকে মন সরাতে স্কেচ করছেন যুব ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়সোয়াল ও তাঁর স্কেচ। ফাইল ছবি
জয়সোয়াল ও তাঁর স্কেচ। ফাইল ছবি
>করোনাভাইরাসের এই সময়ে যেভাবে সময় কাটছে ভারতের তারকা যুব ক্রিকেটার যশস্বী জয়সোয়ালের

তাঁর মধ্যে একটা শিল্পী সত্তা লুকিয়ে আছে, আছে স্কেচে যে কারও মুখাবয়ব ফুটিয়ে তোলার ক্ষমতা। কিন্তু সেটা যেন ভুলেই গিয়েছিলেন। এই বছরের শুরুর দিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে ব্যস্ততা। এরপরই তো শুরু হলো আইপিএল নিয়ে প্রস্তুতি নেওয়ার পালা। কিন্তু করোনাভাইরাস অপ্রত্যাশিতভাবে অখণ্ড অবসর এনে দিয়েছে যশস্বী জয়সোয়ালকে। আর এই সময়ে জেগে উঠেছে তাঁর সেই শিল্পী সত্তা।

২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের যে কজন ক্রিকেটারকে বাংলাদেশের জন্য ভয়ংকর ভাবা হয়েছিল, তাদের অন্যতম ছিলেন এই জয়সোয়াল। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করে এসেছেন। ফর্ম ধরে রেখে ফাইনালেও খেলেছিলে দলীয় সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস। আর এই ইনিংসটি ধরে টুর্নামেন্ট তাঁর সংগ্রহ ৪০০ রান।

বাংলাদেশের যুবাদের টুর্নামেন্ট জয়ে ফাইনালে অবশ্য বড় বাধা হতে পারেননি জয়সোয়াল। তবে ভারতের ভবিষ্যতের তারকা হিসেবে যুব বিশ্বকাপ তাঁকে ঠিকই আবিষ্কার করেছে। করোনার এই সময়ে সেই জয়সোয়ালের দিন কাটছে ছবি এঁকে। করোনায় সারা বিশ্বে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। সংখ্যাটা কম হলেও ভারতেও মানুষ। সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় দিন আনি দিন খাই মানুষের কষ্ট বেড়েছে। তাঁর নিজের ক্যারিয়ারেও তো করোনার ধাক্কা। রাজস্থান রয়্যালসের হয়ে এবারের আইপিএলে ভালো খেলে জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি কাড়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সে পরিকল্পনা ভেস্তে দিয়েছে করোনা। এ বছর আইপিএল হওয়া নিয়ে যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ সব নেতিবাচক ঘটনা থেকে মনটাকে সরিয়ে রাখতেই নিজেকে ব্যস্ত রাখেন ছবি আঁকায়।

শরীরটাকে ফিট রাখার জন্য করোনার এই সময়ে ঘরের মধ্যেই হালকা অনুশীলন আর স্ট্রেচিং করেন। দিনের একটা সময় ধ্যানেও বসেন। এরপরই বললেন স্কেচ করার কথা। হিন্দুস্থান টাইমসকে বললেন , ‘আমি স্কেচ করছি। আমার কাছে এটা শখের মতো। আমি অনেকগুলো স্কেচ করেছি। এটা নেতিবাচক চিন্তাভাবনাটা থেকে আমার মনটাকে সরিয়ে রাখে।'