করোনাকে ভয় করেন না বাংলাদেশ কোচ

>প্রায় ১২ ঘণ্টার ভ্রমণ শেষে বাংলাদেশ দল পৌঁছেছে পাকিস্তানে। পথে করোনা ভাইরাস নিয়ে সতর্ক থাকতে হয়েছে ক্রিকেটারদের।
কাল সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের ফ্লাইট ধরার আগে রাসেল ডমিঙ্গোকে দেখে প্রথমেই যে প্রশ্নটা মাথায় এল, মুখে মাস্ক কোথায়? ‘আমার লাগবে না, এমনিই ঠিক আছি’—করোনা ভাইরাস সারা বিশ্বে আতঙ্ক ছড়ালেও বাংলাদেশ কোচ জানিয়ে দিলেন, এটি নিয়ে তিনি একেবারেই উদ্বিগ্ন নন।
ডমিঙ্গো চিন্তিত না হলেও তাঁর ছাত্রের অনেকেই নতুন রোগটি নিয়ে বেশ সতর্ক। সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ দলের যাঁরা মুখে ‘মাস্ক’ লাগিয়ে এসেছেন বিমানবন্দরে, এই দলের নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল। চেক ইন থেকে শুরু করে ইমিগ্রেশন, বোর্ডিং সবই করলেন তিনি মুখে মুখোশ পরে।
মুখে মুখোশ পরে থাকায় লিটন দাসকে চিনতে পারেননি এক ভক্ত! ‘ভাই বুঝতে পারছি আপনি জাতীয় দলের ক্রিকেটার কিন্তু আপনাকে চিনতে পারছি না! মুখের মাস্কটা একটু খুলবেন, সেলফি তুলব আপনার সঙ্গে’—ভক্তের এই সরল আবদারে যারপরনাই বিরক্ত হলেন লিটন। সেলফি না তুলেই গট গট করে হাঁটা দিলেন বাংলাদেশ ওপেনার।
বাংলাদেশ দলের সঙ্গে ইসলামাবাদে আসা এই প্রতিবেদককে বিমানবন্দরে মাস্ক না পরতে দেখে বেশ অবাক আল আমিন হোসেন। ‘সতর্ক থাকতে অসুবিধা কী? এটা জানি, যদি ভাইরাস ধরে, মাস্ক কেন; মাস্কের বাবা এসেও ঠেকাতে পারবে না! তবুও সাবধানের মার নেই।’—উপদেশ দেওয়া আল আমিনকেই খানিক পরে ‘মুখোশহীন’ দেখে ভীষণ অবাক হতো হলো! মাস্ক কোথায়, এ প্রশ্নে লাজুক হাসলেন বাংলাদেশ দলের পেসার—‘বেশি ব্যবহারে ছিঁড়ে গেছে!’

অগত্যা পুরোটা পথ আল আমিনকে করোনার ভয় নিয়েই কাটাতে হলো! পথ আবার অল্পস্বল্প নয়। গত মাসে লাহোরে বাংলাদেশ দল এসেছিল বেশ আরামে। সময় বাঁচাতে ও ভ্রমণ ঝক্কি এড়াতে ভাড়া করা উড়োজাহাজ (চাটার্ড ফ্লাইট) ব্যবহার করে মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে লাহোরে এসেছিলেন মাহমুদউল্লাহরা। এবার আর চাটার্ড ফ্লাইট নয়, কাতার এয়ারওয়েজে ঢাকা থেকে দোহা। দোহায় প্রায় ৪ ঘণ্টার ট্রানজিট। সেখান থেকে ইসলামাবাদ। ঢাকা থেকে সাড়ে ৩ ঘণ্টার জায়গায় প্রায় ১২ ঘণ্টার ভ্রমণ শেষে রোদ-ঝলমলে হিমেল এক সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নেমেছে বাংলাদেশ।
ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই বিদেশি নাগরিকদের যে ফরমটা পূরণ করতে হচ্ছে তাতে অধিকাংশ প্রশ্নই স্বাস্থ্য-সংক্রান্ত। যেমন—গত ১৪ দিনে আপনি কি চীনে ভ্রমণ করেছেন? উহানে ভ্রমণ করেছেন? গত পাঁচ দিনে দক্ষিণ আমেরিকার কোনো দেশে গিয়েছেন? আপনার কি জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট আছে? এসব প্রশ্নের উত্তরে ‘ইয়েস’, ‘নো’ দুটি ঘরের যেকোনো একটিতে ঠিক মারতে হচ্ছে। বেশির ভাগ আগন্তুকই ‘নো’ ঘরে টিক মারছেন! বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য এই জরিপের বাইরে স্বাস্থ্যপরীক্ষারও ব্যবস্থা করেছে। এত সব আয়োজন কেন বুঝতেই পারছেন—করোনা ভাইরাস! এই ভাইরাস নিয়ে এখন সতর্ক বিশ্বের প্রায় সব বিমানবন্দরই।
তিন বিমানবন্দরের ঝক্কি সামলে পাকিস্তান আসা বাংলাদেশ দল ভ্রমণক্লান্তি কাটিয়ে উঠতে আজ বিশ্রামে। কাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলন। আছে পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনে নিমন্ত্রণও। পরশু শুরু টেস্ট। এক দিনের অনুশীলনে টেস্ট খেলতে হবে, ভালো করতে হবে—করোনা নয়; রাসেল ডমিঙ্গোর আসল চিন্তাটা আসলে এটা নিয়েই।
