করোনা আক্রান্ত কেন হলেন, তদন্ত হবে গ্রান্ট ফ্লাওয়ারকে নিয়ে
ঝামেলার মূলে তিন শ্রীলঙ্কান ক্রিকেটার। ইংল্যান্ড সফরে কুশল মেন্ডিস, দানুশকা গুনাতিলকা আর নিরোশান ডিকভেলা জৈব সুরক্ষা বলয় ভেঙে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন দেশে। এরপর থেকেই শ্রীলঙ্কা ক্রিকেটের শৃঙ্খলা কমিটি খুবই খড়্গহস্ত। এতটাই যে তারা এবার রেহাই দিচ্ছে না ইংল্যান্ড সফর থেকে দেশে ফিরে করোনায় আক্রান্ত হওয়া দলের জিম্বাবুইয়ান ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারকেও।
গ্রান্ট ফ্লাওয়ার সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। সেটি ইংল্যান্ড থেকে ফিরেই। এখন শৃঙ্খলা কমিটি তাঁর কাছে জানতে চাইতে পারে ইংল্যান্ড সফরে কোনোভাবে জৈব সুরক্ষা বলয় ভেঙেছেন কি না। ইংল্যান্ড থেকে ফেরার পর গোটা লঙ্কান দলের করোনা পরীক্ষা করা হয়, তাতে কেবল গ্রান্ট ফ্লাওয়ারেরই পজিটিভ আসে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ মনে করছে, ইংল্যান্ড থেকেই করোনার জীবাণু শরীরে বহন করে নিয়ে এসেছেন। গোটা দল যেহেতু জৈব সুরক্ষা বলয়ে ছিল, তাই তিনি কীভাবে করোনায় আক্রান্ত হলেন, সেটি তদন্ত করে দেখা হবে।
কয়েক দিন পরেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কা। এর মধ্যে গ্রান্ট ফ্লাওয়ারের করোনা চিন্তায় ফেলে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটকে।
লঙ্কান ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, তাঁরা খুঁজে বের করবেন গ্রান্ট ফ্লাওয়ার কীভাবে করোনায় আক্রান্ত হলেন। শ্রীলঙ্কান বোর্ড ভয় পাচ্ছে ফ্লাওয়ারের সঙ্গে দলের অনেক ক্রিকেটারেরই সংস্পর্শ ঘটেছে। যেহেতু ফ্লাওয়ার নিজেই করোনা আক্রান্ত, সেটি না আবার সমস্যা হয়ে দেখা দেয়। জিম্বাবুইয়ান ব্যাটিং কোচের করোনার ধরন ‘ডেলটা’ কি না, সেটিও খতিয়ে দেখা হবে। সাধারণ করোনার চেয়ে অনেক বেশি সংক্রামক ডেলটা ধরন আসলেই ভারত সিরিজের আগে শ্রীলঙ্কান দলের জন্য একটা শঙ্কা।
এ ব্যাপারে করণীয় সম্পর্কে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের মেডিকেল কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা খুঁজে বের করব গ্রান্ট ফ্লাওয়ার কীভাবে করোনায় আক্রান্ত হলেন। এটাও আমাদের জানতে হবে, তিনি ভাইরাসের কোন ধরনে আক্রান্ত।’ তিনি জানিয়েছেন, ফ্লাওয়ার করোনায় আক্রান্ত হওয়ার পর দলের ক্রিকেটারদের পিসিআর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, ‘খেলোয়াড়দেরও পিসিআর পরীক্ষা করা হবে এখন। করোনায় আক্রান্ত ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারের সঙ্গে ক্রিকেটারদের অনেকেরই সংস্পর্শ ঘটেছে।’