করোনা এক করল পঞ্চপাণ্ডবকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহৎ এক লড়াইয়ে এক হলেন তাঁরা পাঁচজন। প্রথম আলো ফাইল ছবি
মহৎ এক লড়াইয়ে এক হলেন তাঁরা পাঁচজন। প্রথম আলো ফাইল ছবি
>টিম বয় ও ম্যাসাজম্যানদের সাহায্যে এক হলেন বাংলাদেশ ক্রিকেটের পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার।

করোনাভাইরাসের কারণে সব ধরনের ক্রিকেট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। টিম বয়, ম্যাসাজম্যানদের আয়-রোজগার নেই বললেই চলে। তাদের অবস্থার কথা চিন্তা করেই এক হলেন বাংলাদেশ ক্রিকেটের পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার।

মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও সাকিব আল হাসান—প্রত্যেকেই ১ লাখ টাকা করে অনুদান দিচ্ছেন টিম বয় ও ম্যাসাজম্যানদের সাহায্যার্থে।

নিজেদের এই উদ্যোগ নিয়ে মুশফিক প্রথম আলোকে বলেছেন, ‘আমরা পাঁচজন মিলে প্রায় ৫০ জনের মতো টিম বয় ও ম্যাসাজম্যানদের ছোট আকারে সাহায্য করছি। যারা সব ক্লাব, বিভিন্ন ক্রিকেট দল গুলোর সঙ্গে কাজ করে তাদের সবাইকে আমরা ৫ জন মিলে ৫ লাখ টাকা দিচ্ছি। আপাতত ছোট আকারে সাহায্য করছি। এখন তো খেলা নেই। খেলা না থাকলে তাদের আয়েরও কোনো সুযোগ নেই।’

টিম বয়দের পক্ষ থেকে পুরো বিষয়টি ব্যবস্থাপনা করছেন প্রাইম ব্যাংকের টিম বয় মোহাম্মদ দেলওয়ার হোসেন। তিনি জানিয়েছেন, ‘আমরা কেউ কিন্তু বিসিবির বেতন ভুক্ত না। এই জন্যই ভাইদের কাছে আমরা সাহায্যের আবেদন করেছিলাম। আমরা সবার নাম তালিকা করেছিলাম এই উদ্দেশে। মুশফিক ভাইরাও বলেছে সাহায্য করবে।’

করোনাভাইরাসের শুরু থেকেই মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে, আবার কেউ দলবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন।