করোনা ছাড়াও 'এ বিষয়ে সতর্ক থাকুন'

>করোনার এই সময়ে বাজিকরেরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক গড়তে পারে বলে সতর্ক করেছে আইসিসি দুর্নীতি বিরোধী ইউনিট
মাঠে খেলা নেই তো ফিক্সিং-ও নেই। তাই তো? ভুল। আইসিসি কিন্তু তা মনে করছে না। লকডাউনের মধ্যে শুধু করোনাভাইরাস নয়, বাজিকরদের ব্যাপারেও খেলোয়াড়দের সতর্ক থাকতে বলল আইসিসি।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে বন্ধ রাখা হয়েছে মাঠের খেলা। মোটামুটি শীর্ষ পর্যায়ে সর্বশেষ খেলা মাঠে গড়ায় গত ১৫ মার্চ পাকিস্তান সুপার লিগে। এর পর থেকেই লকডাউনের মধ্যে আছেন ক্রিকেটাররা। স্বাভাবিক হিসেব হলো মাঠে খেলা না থাকায় বাজিকরদের দৌরাত্ম্যও থাকবে না।
সেটি না হয় কমবে, তবে বাজিকরদের দেন-দরবার একেবারেই থাকবে না, আইসিসি কিন্তু তা মনে করছে না। দুবাইয়ে সংস্থাটির দুর্নীতি বিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল সে কথা স্মরণ করিয়ে দিলেন খেলোয়াড়দের।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’কে মার্শাল বলেন, 'কোভিড-১৯ হয়তো আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ক্ষণিকের জন্য থামিয়ে দিয়েছে। তবে বাজিকরেরা কিন্তু বসে নেই। এ কারণে খেলোয়াড়, সদস্য, এজেন্ট, খেলোয়াড় সংস্থাদের সঙ্গে আমাদের কাজ চলবে। খেলোয়াড়েরা এখন আগের তুলনায় অনেক বেশি সময় দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদের কাছাকাছি পৌঁছানোর এটাই সুযোগ বাজিকরদের জন্য। এই সম্পর্ক পরে তারা কাজে লাগাবে।’
মার্শাল যোগ করেন, ‘আমরা খেলোয়াড়, সদস্য, এজেন্টদের সঙ্গে এ নিয়ে কথা বলেছিল। বিষয়টির গুরুত্ব বুঝিয়ে বলা হয়েছে। খেলোয়াড়েরা যেন এ সময় অসতর্ক না থাকে।’ খেলা বন্ধ থাকায় খেলোয়াড়দের আয় কমবে এটাই স্বাভাবিক। তাতে অন্তত ঘরোয়া পর্যায়ের ক্রিকেটারদের সমস্যা হতে পারে। বাজিকরেরা এ সুযোগটা কাজে লাগাবে বলে মনে করেন মার্শাল