করোনা প্রতিরোধের নিয়ম ভেঙে দল থেকে বাদ আর্চার

প্রথম টেস্টে ইংল্যান্ড যে কিছুক্ষণের জন্য হলেও জয়ের আশা দেখেছিল, সেটা জফরা আর্চারের সুবাদে। ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দেওয়া এই ফাস্ট বোলার পঞ্চম দিনে গতি আর বাউন্সে ত্রাস সৃষ্টি করেছিলেন। কিন্তু জৈবনিরাপত্তার নিয়ম ভাঙায় আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে থাকছেন না আর্চার। ওল্ড ট্রাফোর্ডে তাঁকে ছাড়াই নামতে হবে ইংল্যান্ডকে।
আজ কিছুক্ষণ আগে এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, 'আর্চারকে এখন পাঁচদিনের আইসোলেশনের মধ্য দিয়ে যেতে হবে। এবং দুটি টেস্টে করোনা নেগেটিভ প্রমাণ করতে হবে। সেটা আইসোলেশন পিরিয়ড শেষ হলেই করা হবে। এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ দলকে জানানো হয়েছে এবং আমাদের পদক্ষেপে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে।'
এ ব্যাপারে আর্চার নিজের আচরণে দুঃখ প্রকাশ করেছেন, 'যা করেছি তাতে আমি খুবই দুঃখিত। আমি শুধু নিজেকে না, পুরো দলকে বিপদে ফেলেছি। আমার ভুলের সব দায়ভার স্বীকার করছি। এবং যারা বায়ো সিকিউর আবহে আছেন, সবার কাছে ক্ষমা চাইছি।'
আর্চারে এভাবে ছিটকে পড়া ইংল্যান্ডকে দুর্বল করে দেবে। এই ফাস্ট বোলার সেটা জানেন, 'টেস্ট ম্যাচ থেকে বাদ পড়ে খুবই খারাপ লাগছে, বিশেষ করে এখন সিরিজের যে অবস্থা। আমি দুই দলকেই হতাশ করেছি। আবারও বলছি দুঃখিত।'
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে ৩ উইকেট পাওয়া আর্চার বাদ পড়ায় অবশ্য লাভ হয়েছে স্যাম ক্যারেন, ওলি রবিনসন ও ক্রিস ওকসের। এখন এই তিনজনের মাঝে মাত্র একজনকেই বসে থাকতে হবে দ্বিতীয় টেস্টে।