করোনা সতর্কতায় খাবারেও ‘না’

করোনা নিয়ে বেশ সতর্ক অস্ট্রেলিয়াছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সিরিজ মানেই ড্রেসিংরুমে খাবারদাবারের ব্যবস্থা। বেশির ভাগ সময় সেই খাবার আসে কোনো পাঁচ তারকা হোটেল বা প্রসিদ্ধ কোনো রেস্তোরাঁ থেকে। বিসিবিই করে সেই ব্যবস্থা। কিন্তু এবার ঘটছে ব্যতিক্রম। করোনাঝুঁকির কথা মাথায় রেখে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে দুই দলের খেলোয়াড়েরা নিজেদের খাবার নিজেরাই মাঠে নিয়ে আসবেন।

নিজেদের খাবার খেলোয়াড়রা নিজেরাই আনবেন
ছবি: প্রথম আলো

বিসিবির একটি সূত্র কাল জানিয়েছে, ‘ক্রিকেটাররা মাঠে যে যাঁর মতো হালকা খাবার নিয়ে আসবেন। আমরা কোনো ক্যাটারিং সার্ভিস থেকে খাবার নিচ্ছি না। এটি সিরিজের করোনা প্রটোকলেরই অংশ।’

হোটেলেও দুই দলের খাবারের ক্ষেত্রে থাকছে নানা রকম সতর্কতা। অস্ট্রেলিয়া দল তো সঙ্গে নিজেদের শেফও নিয়ে এসেছে।

খেলার চেয়ে মাঠের বাইরের আলোচনাই বেশি হয়েছে এবার
ছবি: প্রথম আলো

হোটেলে অস্ট্রেলিয়া দলের জন্য আলাদা জিমের ব্যবস্থা করা হয়েছে। তাদের সুইমিংপুলও আলাদা। হোটেলে নিজেদের কক্ষ, শৌচাগার—সবই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিজেরা পরিষ্কার করছেন। এসব কাজে এখন পর্যন্ত হোটেলকর্মীদের কোনো সাহায্যই নাকি নেয়নি সফরকারীরা। বিসিবির এক কর্মকর্তা কাল বলছিলেন, ‘আমরা বিমানবন্দরের বিষয়টি ভালোভাবে সামলেছি। হোটেলের বিষয়টিও আমরা খুব গুরুত্বসহকারে নিচ্ছি। তাদের সব শর্তই মানা হচ্ছে।’

অনুশীলনে অস্ট্রেলিয়া দল
ছবি: প্রথম আলো

করোনাভাইরাস থেকে সতর্ক থাকতে অস্ট্রেলিয়া দল বিশেষ সুবিধা পেয়ে আসছে ঢাকায় পা রাখার পর থেকেই। ভাড়া করা বিমানে ঢাকায় এসে বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ছাড়াই বাসে চড়ে হোটেলে চলে যায় ৩২ সদস্যের দল। হোটেলে রাখা হয়নি কোনো সাধারণ অতিথিও। জৈব সুরক্ষাবলয় নিশ্চিত করতে টিম হোটেলের মোট ২১৫টি কক্ষের ভাড়া দিচ্ছে বিসিবি।