করোনাকালে চাকরি হারালেন দুই সাবেক পাকিস্তানি ক্রিকেটার

পৃথিবীময় দুঃসময়। করোনাভাইরাসের হামলায় বন্ধ ব্যবসা-বাণিজ্য, বন্ধ সবকিছু। খেলাধুলাও এর বাইরে নয়। করোনার কারণে খেলা বন্ধ থাকার কারণে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে বিশ্বের ক্রীড়া সংস্থাগুলো। আর্থিকভাবে শক্তিশালী ইউরোপীয় ফুটবল ক্লাবগুলো পর্যন্ত তারকাদের বেতন কেটে টিকে থাকার কথা বলছে। বেতন কাটার শঙ্কা দিয়েছে অন্যান্য খেলার নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যেও। ঠিক এমনই একটা সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চাকরি হারালেন পাকিস্তানের দুই সাবেক তারকা ক্রিকেটার।
হারুন রশিদ ও মুদাসসর নজর দীর্ঘদিন ধরেই কাজ করছিলেন পিসিবির সঙ্গে। দুজনই পাকিস্তানের হয়ে খেলেছেন বিভিন্ন সময়ে। হারুন ছিলেন পিসিবির ঘরোয়া ক্রিকেট বিষয়ক পরিচালক। মুদাসসর ছিলেন একাডেমি সমূহের। তবে তাদের চাকরিচ্যুতি করোনাভাইরাসের ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে কি না, সেটা পরিষ্কার নয়। বেশ কয়েকদিন ধরেই বোর্ডের নেতৃত্বে নতুন মুখ আনার কথা চলছিল। তাদের চাকরিচ্যুতি সে লক্ষ্যেও হতে পারে। দুই সাবেক ক্রিকেটার ছাড়াও পিসিবিতে আরও কিছু চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। চাকরি হারিয়েছেন প্রধান পরিচালন-কর্তা সুবহান আহমেদ ও প্রধান মাঠকর্মকর্তা আগা জাহিদি।
হারুন রশিদ সম্প্রতি পিসিবির হয়ে ঘরোয়া ক্রিকেটের সংস্কারে কাজ করেছেন। কিন্তু এতে সমস্যা আরও বেড়েছে। নতুন ফরম্যাট অনুযায়ী প্রথম শ্রেণির ক্রিকেট সংকুচিত করে ফেলা হয়েছে কেবল প্রাদেশিক দলগুলোর মধ্যে। এ মুহূর্তে পাকিস্তানে প্রাদেশিক দল মাত্র ৬টি। বিভিন্ন অফিস দলগুলোকে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে ছেঁটে ফেলায় তারা ক্রিকেট দল নিয়ে অনুৎসাহী হয়ে পড়েছে। কয়েকটি অফিস দল তাদের দলই বন্ধ করে দিয়েছে। এতে বিপুলসংখ্যক ক্রিকেটার চাকরি হারানোর শঙ্কার মধ্যে পড়ে গেছেন। এ সব নিয়ে বেশ কিছু দিন ধরেই সমালোচিত হচ্ছিলেন হারুন।