করোনাকালে টেস্ট খেলতে চান না মোস্তাফিজ

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। টেস্টের চুক্তিতে নাম নেই তাঁর। যার কারণ নাকি জৈব সুরক্ষাবলয়। আজ বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

আজ সংবাদমাধ্যমে আকরাম খান বলেছেন, ‘মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। এখন সে টেস্টে আগ্রহী না। মোস্তাফিজ আমাদের জানিয়েছে, যত দিন এই কোয়ারেন্টিন বা জৈব সুরক্ষাবলয় আছে, টেস্টে ওর মনোযোগ দেওয়া কঠিন হবে। তাই এখন সে টেস্ট খেলতে চাচ্ছে না।’

বিসিবিও মোস্তাফিজের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। আকরাম খানের কথায় তাই বোঝা গেল, ‘এটা আমরাও খুব ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু সে টি-টোয়েন্টি আর ওয়ানডের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই আমরা আলাপ-আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

ক্রিকেটারদের চুক্তিতে গত বছরই একটা নতুনত্ব এনেছিল বিসিবি। প্রথমবারের মতো চুক্তি হয়েছিল লাল বল ও সাদা বলের ক্রিকেটের ভিত্তিতে। এবারের কেন্দ্রীয় চুক্তিতে আবার সেটা বদলে গেল। এবারের ক্রিকেটারদের নতুন চুক্তির তালিকায় আছে তিনটি শ্রেণি—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। তিন শ্রেণি মিলিয়ে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন ২৪ ক্রিকেটার।

মোস্তাফিজ এখন টেস্ট খেলতে আগ্রহী নয়
ফাইল ছবি: প্রথম আলো

সাদা ও লাল বলের চুক্তি থেকে বেরিয়ে তিন সংস্করণের হিসেবে কেন্দ্রীয় চুক্তি করার কারণও জানালেন আকরাম খান, ‘অনেকেই শুধু টি-টোয়েন্টি খেলছে। যেমন নাসুম আছে, পাটোয়ারী (শামীম) আছে। এ জন্য এবার আমরা তিন সংস্করণ আলাদা করেছি। আগে ছিল সাদা বল, সাদা বল মানে ওয়ানডে ও টি-টোয়েন্টি যারা খেলবে, তারা একই চুক্তিতে।’

বিসিবির এবারের চুক্তিতে কোনো ক্রিকেটারের বেতন কত, সেটি জানা যায়নি। তবে সবচেয়ে বেশি পারিশ্রমিক রাখা হয়েছে টেস্ট ক্রিকেটারদের। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি। ক্রিকেটারদের সব সংস্করণে খেলতে উদ্বুদ্ধ করতেই নাকি বিসিবির এই সিদ্ধান্ত।

আকরাম খানের কথা, ‘এবার আমরা পার্থক্য রেখেছি পারফরম্যান্সের জন্য। যেন খেলোয়াড়দের ভেতর অনুপ্রেরণা কাজ করে। টি-টোয়েন্টি থেকে ওরা যদি টেস্টে যায়, তাহলে পারিশ্রমিক অনেক বেশি। কেউ যদি ওয়ানডেতে যায়, তখনো বেশি। এই পার্থক্যটা আমরা জেনে-বুঝেই করেছি যেন খেলোয়াড়রা পারফর্ম করে অন্য সংস্করণে চলে আসে।’

ক্রিকেটারদের বেতনও নাকি বেড়েছে, ‘যতগুলো ক্যাটাগরি আছে আমরা ১৫ থেকে ৩৫ শতাংশ বাড়িয়েছি।’