করোনাকালে শূন্য মাঠ ও মানবতার গল্প

করোনার কাছে খেলা হেরে গিয়েছিল সাময়িকভাবে। কোভিড-১৯ তবু হারাতে পারেনি খেলোয়াড়দের মানবতাবোধকে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন ক্যামেরা ছিল গোটা দশেক। সাংবাদিকদের সংখ্যা স্বাভাবিকভাবেই আরও বেশি। কোরবানির ঈদের আগে একদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজা গেট দিয়ে ঢুকে ভিড়টা চোখে পড়ল ক্লাব হাউস গ্যালারিতে। সবাই তাকিয়ে মাঠের দিকে। কিন্তু মাঠে যে তখন দেখার মতো কিছুই ছিল না!

ইনডোরে ব্যাটিং অনুশীলন শেষ করে একটু পরই মাঠে আসেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সবার দৃষ্টি আসলে খুঁজে বেড়াচ্ছিল তাঁকেই। মুশফিককে ফ্রেমবন্দী করতেই অমন চাতক পাখির মতো অপেক্ষা সবার।

করোনাকালের ক্রীড়াঙ্গনেরই প্রতীকী চিত্র বলতে পারেন এটিকে। চার-পাঁচ মাস ধরে খেলা শুরুর জন্য ও রকম অপেক্ষায়ই তো ছিল সবাই! চীনের উহান থেকে শুরু হয়ে অতিমারি দাপিয়ে বেড়াতে লাগল গোটা বিশ্ব। বন্ধ হয়ে যায় দোকানপাট, ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ। খেলাই-বা আর মাঠে থাকে কী করে! অলিম্পিক হবে না, বন্ধ হয়ে গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট, ইউরোপিয়ান ফুটবল; বাংলাদেশেও চার-পাঁচ মাসের জন্য মাঠ ছেড়ে পালাল ফুটবল-ক্রিকেটসহ সব খেলা।

দেশে-বিদেশে খেলাধুলা একটু একটু করে আবার মাঠে গড়াতে শুরু করেছে। ফিরে এসেছে রাত জেগে ফুটবল দেখার রোমাঞ্চ, ক্রিকেট মাঠে ব্যাট-বলের ঠোকাঠুকি। তার আগ পর্যন্ত খেলা শুরুর অপেক্ষায় থাকতে থাকতেই মানুষ দেখল খেলোয়াড়দের অন্য রূপ। করোনায় যখন মানবতা হুমকির মুখে, দেশের ক্রীড়াঙ্গন তখন দাঁড়িয়েছে অসহায় মানুষের পাশে।

করোনাকালে খেলা শুরুর প্রথম বাঁশি বাজে বুন্দেসলিগায়। দুই মাস বন্ধ থাকার পর গত ১৬ মে মাঠে গড়ায় জার্মানির ফুটবল। একে একে ফিরতে থাকে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ, ইতালির সিরি ‘আ’। ক্রিকেটে প্রথম টস ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোলে, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে।

মহামারির শুরুর দিকে সংক্রমণ বেশি ছড়িয়ে পড়ে ইউরোপের দেশগুলোতে। সেই দেশগুলো সোজা হয়ে দাঁড়াচ্ছেও আগে। খেলাধুলা মাঠে ফেরানোর পথও দেখিয়েছে তারাই! জার্মানি, স্পেন, ইংল্যান্ড, ইতালির দেখানো পথে হেঁটে বাংলাদেশেও শুরু হচ্ছে খেলার তোড়জোড়। আর্চারি, হকির ক্যাম্প শুরু হয়েছে। তায়কোয়ান্দো টুর্নামেন্ট হবে। ক্রিকেটাররা শ্রীলঙ্কায় যাবেন। তবে অতিমারি করোনা ফুটবলের মাঠে ফেরার পথে তুলেছে বাধার দেয়াল।

ফুটবলে হতাশা

করোনাকালে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফুটবলেই ঘটনা ঘটেছে বেশি। সরকার ১৬ মার্চ দেশের সব খেলা বন্ধ ঘোষণার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) লিগ বাতিল করে দেয়। ২৬ মার্চ সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই ম্যাচ ছিল বাংলাদেশ দলের। এপ্রিল-মে মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা বাকি তিন ম্যাচ। করোনার কারণে কোনোটিই হতে পারেনি। স্থগিত হয়ে যায় এএফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচও।

ফুটবলই আবার আশা দেখিয়েছিল সবার আগে। স্থগিত আন্তর্জাতিক ম্যাচগুলোর নতুন তারিখ পড়ে। ম্যাচগুলো সামনে রেখে ৭ আগস্ট গাজীপুরের এক রিসোর্টে শুরু হয় জাতীয় ফুটবল দলের ক্যাম্প। কিন্তু ফুটবলারদের মাঠে ফেরার স্বপ্ন আবারও ভেঙে দেয় কোভিড-১৯।

দুই দফায় করোনা পজিটিভ হন ১৮ খেলোয়াড়। এরপর আরও। এ নিয়ে যখন বাংলাদেশের ফুটবল বেসামাল, তখনই দুঃসংবাদ দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের সব ম্যাচই অনির্দিষ্টকালের জন্য স্থগিত। তবে নভেম্বরে মালদ্বীপে এএফসি কাপের বাকি ম্যাচগুলো খেলার প্রস্তুতি নিচ্ছে বসুন্ধরা কিংস।

ঘরোয়া ফুটবল আটকে আছে বাফুফের নির্বাচনের জটিলতায়। খেলোয়াড়েরা পরের মৌসুমের লিগ শুরুর জন্য বাফুফের কাছে বারবার ধরনা দিলেও বাফুফে হাঁটছে ‘আগে নির্বাচন, পরে খেলা’ নীতিতে।

অপেক্ষায় ক্রিকেট

অক্টোবরে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। আসলে গত চার মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি ছিল তামিম-মুশফিকদের। আয়ারল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে হওয়ার কথা তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ। জুনে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের আসার কথা ছিল বাংলাদেশে। জুলাই-আগস্টে তিন টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দলের যাওয়ার কথা শ্রীলঙ্কায়। দেশে ফিরে আগস্টেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ, এমনই ছিল সূচি। করোনা জট পাকিয়ে দিল সবকিছুতেই।

করোনা এ বছর হতে দিচ্ছে না এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুটি বড় টুর্নামেন্ট, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনার কাছে হার মেনে স্থগিত দুটোই।

ঘরোয়া ক্রিকেটের দরজা কবে খুলবে, সেটি অবশ্য বিসিবিও জানে না। সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান যে রকম আভাস দিলেন, তাতে দেশের খেলা শিগগিরই শুরু হচ্ছে, এমন আশা নেই।

অথচ বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেটারের রুটিরুজির প্রধান উৎস ঘরোয়া ক্রিকেট। মাঠে খেলা না থাকায় নিচের দিকের লিগ এবং জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রিকেটাররা পড়েছেন আর্থিক সংকটে। সংসারের জোয়াল টানতে খেলা ছেড়ে ক্রিকেটারদের বর্গাচাষি, ফেরিওয়ালা হওয়ার মতো খবরও গণমাধ্যমে এসেছে।

হকির দুর্ভাগ্য

করোনার অপ্রত্যাশিত বিরতি বাংলাদেশের হকিরই বুঝি বেশি ক্ষতি করে দিল! বলতে পারেন, যে খেলাটা মাঠেই ছিল না, সেটার আবার ক্ষতি কী? আসলে ঝিমিয়ে পড়া হকিতে প্রাণ ফিরতে পারত এই সময়েই। ঢাকায় জুনে ছিল জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। সেপ্টেম্বর-অক্টোবরে চ্যাম্পিয়নস লিগ হকি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সবুজ টার্ফে দীর্ঘদিন হকিস্টিকের ঠোকাঠুকি নেই। ফেডারেশনের নির্বাচনের পর যা একটু প্রাণচাঞ্চল্য ফিরেছিল, ক্যাসিনো-কাণ্ডে সাধারণ সম্পাদক মমিনুল হক দেশ ছাড়লে আবারও নেমে আসে স্থবিরতা।

অবশ্য সম্প্রতি ফেডারেশন সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের উদ্যোগে বিমানবাহিনীর ঘাঁটিতে বিশেষ ব্যবস্থায় ২০ খেলোয়াড়কে নিয়ে শুরু হয়েছে জুনিয়র হকি দলের ক্যাম্প।

সেটি না হয় হলো, কিন্তু খেলা! হতভাগা হকির মাঠে ফেরার অপেক্ষা তো থেকেই গেল। আর থেকে গেল বিতর্ক। ক্যাসিনো-কাণ্ডের পর থেকে গত ১০ মাস ফেডারেশনের কার্যক্রম থেকে দূরে সরে আছেন সাধারণ সম্পাদক। সম্প্রতি তাঁকে পদ থেকে অপসারণ করা হয়েছে, যা নিয়ে হকিতে শুরু হয়েছে নতুন আলোচনা।

মুজিব জন্মশতবর্ষে হচ্ছে না বাংলাদেশ গেমস

বাংলাদেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর বাংলাদেশ গেমস। ২৩টি ভেন্যুতে ৩১ ধরনের খেলায় অংশ নেওয়ার কথা ১২ হাজার ক্রীড়াবিদের। দুর্ভাগ্য, করোনা বাংলাদেশ গেমসের মশাল জ্বলতে দিচ্ছে না এ বছর।

বাংলাদেশ গেমসের নবম আসর বসার কথা ছিল ২০২০ সালে। সবই ছিল চূড়ান্ত। ১ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমসের উদ্বোধন ঘোষণা করবেন। মুজিব জন্মশতবর্ষ বলে এবারের গেমসের ছিল বাড়তি জৌলুশ। এর নামকরণই করা হয় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’।

কিন্তু ১৭ মার্চ মুজিব জন্মশতবর্ষের উদ্বোধনী কার্যক্রম স্থগিত হওয়ার সঙ্গে সঙ্গে স্থগিত হয়ে যায় বাংলাদেশ গেমসও। ফুটবল, ক্রিকেটের বাইরে দেশের ছোটখাটো ফেডারেশনগুলো আশায় ছিল এই গেমস দিয়ে তাদের খেলায় প্রাণচাঞ্চল্য ফিরবে। মুজিব জন্মশতবর্ষকে ঘিরে তো অনেক ফেডারেশন বিশেষ কিছু টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা করেছিল। করোনা হতে দিল না কিছুই।

ব্যতিক্রম শুধু দাবা

‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’—করোনাভাইরাস থেকে বাঁচার স্লোগান পুরো বিশ্বেই এক। আর দাবা খেলাটা যেহেতু ‘ওয়ার্ক ফ্রম হোম’–এর মতো ঘরে বসেও খেলা যায়, করোনাকালের খেলাধুলায় ৬৪ ঘরের খেলাটি হয়ে উঠল প্রবল ব্যতিক্রম। তামিম, মুশফিকরা পুড়েছেন টেস্ট খেলতে না পারার হতাশায়। ফুটবলে মামুনুল-আশরাফুলদের দুঃখ—আহা, জীবন থেকে একটা মৌসুম হারিয়ে গেল! অথচ দাবায় ফাহাদ থেকে শুরু করে রানী হামিদ—সবাই কমবেশি খেলার মধ্যেই থাকলেন।

করোনাকালে বাংলাদেশের দাবাড়ুরা অনলাইনে খেলেছেন দাবা অলিম্পিয়াড ও এশিয়ান জুনিয়র দাবা। অনলাইনে খেলায় অনভ্যস্ততার মধ্যেও এশিয়ান জুনিয়র দাবায় আঞ্চলিক পর্ব থেকে চূড়ান্ত পর্বে ওঠেন বাংলাদেশের প্রতিযোগীরা। মাঝে দেশের দুই অভিজ্ঞ দাবাড়ু রানী হামিদ ও নিয়াজ মোর্শেদ ঘরে বসেই খেলেছেন ঊর্ধ্ব-৬০ ও ঊর্ধ্ব-৫০ দাবা।

রাশিয়ায় দাবার বিশ্বকাপ ‘দাবা অলিম্পিয়াড’ এবার হতে না পারলেও ১২ থেকে ১৬ আগস্ট অনলাইনে হয়ে গেছে আরেকটি অলিম্পিয়াড। ফলাফল তেমন একটা ভালো নয়, তবু করোনাকালে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা তো হলো।

মানবতার জয়, জয় মানবতার

করোনার কাছে খেলা হেরে গিয়েছিল সাময়িকভাবে, মাঠে-ট্র্যাকে ছুটে বেড়ানো খেলোয়াড়েরা হয়ে যান ঘরবন্দী। কোভিড-১৯ তবু হারাতে পারেনি তাঁদের মানবতাবোধকে।

গল্পের চরিত্রে কে নেই! দরিদ্র অন্তঃসত্ত্বা নারীর বাড়িতে খাবার পৌঁছে দেওয়া রংপুরের ক্রিকেটার আরিফা জাহান থেকে শুরু করে তামিম ইকবাল, সাকিব আল হাসান—সবাই। এক তামিমই করেছেন অনেক কিছু। ছোটখাটো খেলার ৯১ অসচ্ছল খেলোয়াড়কে আর্থিক সাহায্য দেওয়া ছাড়াও ওয়ানডে অধিনায়ক পাশে দাঁড়ান জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম ও মোহাম্মদপুরের তরুণী নাফিসার। করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের সাহায্যে নাজমুল, নাফিসার কার্যক্রমে তামিমের ছিল স্বতঃস্ফূর্ত ও জোরালো অংশগ্রহণ।

তামিমের উদ্যোগেই জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের বেতন থেকে ২৬ লাখ টাকার তহবিল জমা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। ক্রিকেটারদের সংগঠন কোয়াবও সাবেক-বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে গঠন করে করোনা তহবিল। যুব বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তাদের এক মাসের বেতনের অর্ধেক দিয়েছে এই তহবিলে।

যুক্তরাষ্ট্র থেকে সাকিব দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ান তাঁর প্রতিষ্ঠিত সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে। অনলাইন নিলামে ব্যাট বিক্রি করে পাওয়া ২০ লাখ টাকায় একটি দাতব্য সংস্থাকে কিনে দেন অ্যাম্বুলেন্স। অসহায়-নিরন্নদের আর্থিক ও খাদ্যসহযোগিতা তো করেছেনই।

মানবতার ডাকে সাড়া দিয়ে খেলার স্মারক নিলামে তোলেন অন্যরাও। ১৭ লাখ টাকায় মুশফিকুর রহিমের টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি কিনে নেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। মাশরাফি বিন মুর্তজা তাঁর প্রিয় ব্রেসলেট বিক্রি থেকে পাওয়া ৪২ লাখ টাকার পুরোটাই খরচ করেন করোনা-দুর্গতদের কল্যাণে।

সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মোহাম্মদ নাঈম, আকবর আলীরা নিলামে তোলেন প্রিয় স্মারক ব্যাট-বল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বিসিবি ৫০ লাখ টাকার আর্থিক সহায়তা দেয় দেশের অসচ্ছল ক্রীড়া ব্যক্তিত্বদের। বিসিবি সহায়তা করেছে হুইলচেয়ার ক্রিকেটার ও অসহায় সাধারণ মানুষদেরও। নারী ক্রিকেটার জাহানারা আলমকেও দেখা গেছে এলাকার অসহায় মানুষদের হাতে খাবারের প্যাকেট তুলে দিতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররাই দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে ধনী। করোনাকালে মানবতার ডাকে সাড়া দেওয়ার বেলায় তাঁরাই অগ্রভাগে থাকবেন, স্বাভাবিক। তবে অন্যরাও এগিয়ে এসেছেন যাঁর যাঁর সাধ্যমতো। প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার পরিবার নিলাম থেকে পাওয়া তাঁর দুটো জার্সির মূল্য দান করেছে মানবতার কাজে। জার্সি নিলামে তুলেছেন সাবেক রেফারি তৈয়ব হাসানও। মানবতার ডাকে সাড়া দেন সাবেক ফুটবলার আমিনুল হক, বাংলাদেশ ক্লাব ফুটবল সংস্থা এবং জেলা ও বিভাগীয় ফুটবল সংস্থা।

কোভিড-১৯–এর সংক্রমণ যেমন ধনী-দরিদ্রে ব্যবধান রাখেনি, এই অতিমারি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকেও নিয়ে এসেছে এক কাতারে। করোনাকাল তাই শুধু শূন্য মাঠের হাহাকারই শোনায়নি, বলছে মানবতার জয়েরও গল্প।