করোনাকে তোয়াক্কা না করে নৈশ পার্টি, গ্রেপ্তার রায়না
সামনে ইংরেজি নতুন বছর বরণের উৎসব। এদিকে করোনা সংক্রমণের নতুন ঢেউ ঠেকাতে মহারাষ্ট্র সরকার রাতে কারফিউ জারি করেছে। কিন্তু মুম্বাইয়ের নৈশ ক্লাবে ছিল এসবের থোড়াই তোয়াক্কা। রাতভর চলছিল উদ্দাম পার্টি। মুম্বাই পুলিশ অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না।
শুধু রায়না নন, বলিউড তারকা হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজানা খান এবং গায়ক গুরু রান্ধওয়াকেও গ্রেপ্তার করে পুলিশ। মুম্বাই ড্রাগনফ্লাই ক্লাব থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পান তাঁরা। গত আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া রায়না ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জিতেছেন। একসময় মহেন্দ্র সিং ধোনির দলে অপরিহার্য এই সদস্য ভারতের হয়ে ২২৬ ওয়ানডে, ৭৮ টি-টোয়েন্টি ও ১৮ টেস্ট খেলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাত প্রায় তিনটা নাগাদ মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত জেডব্লু ম্যারিওয়ট হোটেলের ড্রাগনফ্লাই নৈশ ক্লাবে অভিযান চালায় মুম্বাই পুলিশ। সূত্র জানায়, এ সময় আরও বেশ কিছু সেলেব্রিটি ক্লাবের পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেও রায়না যাননি। মুম্বাই কর্তৃপক্ষ শহরের সব পানশালা খোলা রাখার নিয়ম বেঁধে দিয়েছে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত। কিন্তু ওই পানশালা ভোর ৪টা পর্যন্ত খোলা থাকায় ব্যবস্থা নেবে পুলিশ।
সাহার পুলিশ স্টেশনের এক জেষ্ঠ্য কর্মকর্তা ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছেন, গ্রেপ্তার ৩৪ জনের মধ্যে ছিলেন রায়না, গুরু রান্ধওয়া ও সুজানা খান। পেশায় ফ্যাশন ডিজাইনার সুজানা ভারতের অভিনেতা ও প্রযোজক সঞ্জয় খানের মেয়ে। বাংলাদেশে একসময় ভীষণ জনপ্রিয় ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’ টিভি সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় খান।
মুম্বাইয়ের মেয়র কিশোরি পেদনেকার বলেন, ‘তারকা হন কিংবা সাধারণ কেউ, নিয়ম মানতেই হবে। সবার জীবন বাঁচাতেই এই নিয়ম। যাঁরা মানবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’ করোনার সংক্রমণ রোধে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে মহারাস্ট্র সরকার। ৫ জানুয়ারি পর্যন্ত মুম্বাই ও অন্যান্য শহরে এ নিয়ম জারি থাকবে।