করোনায় কাউন্টিতে কপাল পুড়ল বিদেশিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশ্বিনকে ছেড়ে দিয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার । ফাইল ছবি
অশ্বিনকে ছেড়ে দিয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার । ফাইল ছবি

রবিচন্দ্রন অশ্বিনের এবার খেলো হচ্ছে না ইংলিশ কাউন্টিতে। তাঁর দল ইয়র্কশায়ার সোমবার জানিয়ে দিয়েছে, শুধু অশ্বিনই নন, কোনো বিদেশি খেলোয়াড়কেই এবার চুক্তিতে রাখতে পারছে না তারা। কারণটা অবশ্যই করোনাভাইরাস।

করোনার কারণে এবার ইংলিশ মৌসুম কবে শুরু হবে সেটির কোনো নিশ্চয়তা নেই। পরিস্থিতির উন্নতি ঘটলে নতুন মৌসুম জুলাইয়ের আগে অন্তত শুরু হবে না। এমন অনিশ্চয়তার মধ্যে কাউন্টি দলগুলো ছেড়ে দিচ্ছে বিদেশি খেলোয়াড়দের। ইয়র্কশায়ার যেমন ছেড়ে দিচ্ছে ভারতীয় অফ স্পিনার অশ্বিন ও দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজকে। দুজনের ইয়র্কশায়ারের হয়ে খেলার কথা ছিল কাউন্টি চ্যাম্পিয়নশিপে। একই দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের খেলার কথা ছিল টি-টোয়েন্টি ব্লাস্টে।

করোনা ভাইরাসের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, চুক্তি বাতিলের সিদ্ধান্তে তিন ক্রিকেটার কোনো আপত্তি তোলেননি। ইয়র্কশায়ারের ক্লাব কর্তৃপক্ষ তাই ধন্যবাদ জানিয়েছে তাদের বিদেশি খেলোয়াড়দের। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের ক্রিকেট পরিচালক মার্টিন মক্সন নিজেদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, 'প্রথমত, আমি খেলোয়াড়দের ধন্যবাদ জানাই যে তারা বিষয়টি বুঝেছে। কোভিন-১৯ মহামারির মধ্যে আমরা খেলোয়াড় ও তার এজেন্টদের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখছি। আশা করি আবার আমরা তাদের হেডিংলিতে (ইয়র্কশায়ার) দেখব।'

করোনার ধাক্কায় টালমাটাল ইয়র্কশায়ারের মতো এসেক্স ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার পিটল সিডলকে। হ্যাম্পশায়ার ছেড়েছে নাথান লায়ানকে এবং ল্যাঙ্কাশায়ার ক্লাব গ্লেন ম্যাক্সওয়েল ও জেমস ফকনারকে।