করোনার ধাক্কায় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ স্থগিত
আজ সিরিজের শেষ টি-টোয়েন্টি হওয়া নিয়েই শঙ্কা ছিল। গতকাল করা পিসিআর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের আরও পাঁচজন কোভিড-১৯ পজিটিভ হন। এ নিয়ে পাকিস্তান পৌঁছার পর থেকে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের সাপোর্ট-স্টাফসহ মোট ৯ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এ সফরের বাকি অংশ চালিয়ে যাওয়া নিয়েও ছিল সংশয়। শেষ পর্যন্ত করাচিতে আজ তৃতীয় টি-টোয়েন্টি হচ্ছে। তবে সে ম্যাচটি চলার সময়ও ঘোষণা এল, স্থগিত করা হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল। ১৮ থেকে ২২ ডিসেম্বরের এ তিন ম্যাচের সিরিজ পিছিয়ে আগামী জুনে নেওয়া হয়েছে।
এক যৌথ বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত বলে ওয়েস্ট ইন্ডিজ যাতে নিজেদের সেরা দলটি নিয়ে খেলতে পারে, সে কারণেই এমন সিদ্ধান্ত বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
গতকাল পিসিআর টেস্টে পাঁচজনের পজিটিভ হওয়ার খবরের পর ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের বাকি ২১ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। তাতে সবার নেগেটিভ আসার পর তৃতীয় টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আসে। সর্বশেষ পিসিআর টেস্টে নেগেটিভ এসেছে পাকিস্তান দলের সবারই।
যৌথ বিবৃতিতে ওয়ানডে সিরিজ স্থগিত করার কারণ ব্যাখ্যা করে দুই বোর্ড বলেছে, ‘দুই দলের যাতে ভালোর কথা ভাবার সঙ্গে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সীমিত শক্তিমত্তার কথা ভেবে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজটি ২০২২ সালের জুন মাসের শুরু পর্যন্ত স্থগিত করা হয়েছে। এতে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সেরা খেলোয়াড়দের নামাতে পারবে।’
ওয়েস্ট ইন্ডিজ দলের যাঁদের নেগেটিভ এসেছে, তাঁরা আজ ম্যাচ শেষেই পাকিস্তান ছাড়বেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে যাঁরা এরই মধ্যে পজিটিভ হয়েছেন, তাঁদেরকে পার করতে হবে আইসোলেশন। তবে বড়দিন যাতে পরিবারের সঙ্গে কাটাতে পারেন, সে ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে।
পাকিস্তান দলের সদস্যরাও আজকের ম্যাচের পর জৈব সুরক্ষাবলয় ছেড়ে যাবেন। ওয়ানডে সিরিজ স্থগিত করে ২০২২ সালে নিয়ে যাওয়ায় পিসিবিকে ধন্যবাদ জানিয়েছে সিডব্লিউআই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিরাপত্তার কারণে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করার পর ছেলেদের প্রথম আন্তর্জাতিক দল হিসেবে পাকিস্তান সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজ।