করোনার মাঝে আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএল নিয়ে নতুন এক প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা।
আইপিএল নিয়ে নতুন এক প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা।

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল। এ বছর আইপিএল আর না হলে ৪ হাজার ২৫০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়ে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। এই বিপুল ক্ষতি পুষিয়ে নিতে বিসিসিআইকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছে, চাইলে আইপিএল হতে পারে শ্রীলঙ্কায়।

উপমহাদেশে এখন শ্রীলঙ্কার পরিস্থিতি তুলনামূলক ভালো। দ্বীপ দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩৮জনের। মারা গেছেন ৭জন। অন্য দেশগুলোর মতো সেখানেও অবরুদ্ধ পরিস্থিতি চলছে। তবে করোনা সংক্রমণের বিস্তার ভারত-পাকিস্তান-বাংলাদেশের তুলনায় বেশ সফলভাবেই সামলাচ্ছে শ্রীলঙ্কা। আগামী কিছু দিনে যদি পরিস্থিতির আরও উন্নতি হয় শ্রীলঙ্কানরা হয়তো ফিরে যাবে স্বাভাবিক জীবনে।

সে কারণেই এসএলসি আইপিএল শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিসিআইকে। এসএলসি সভাপতি শাম্মি সিলভা বলেছেন, ‘আইপিএল স্থগিত হলে ভারতীয় ক্রিকেট বোর্ড ও এই টুর্নামেন্টে অংশ নেওয়া সবাই ৫০০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিতে পড়বে। যদি তারা আরেক দেশে টুর্নামেন্টটা আয়োজন করে, যেটা তারা ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় করেছিল, এতে বড় ক্ষতি এড়ানো যেতে পারে। প্রস্তাবে যদি ওদের (ভারত) কাছ থেকে ইতিবাচক সাড়া পাই, তাহলে শ্রীলঙ্কার স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সবরকম সুযোগ–সুবিধার সুযোগসুবিধার ব্যবস্থা করব আমরা।’

আইপিএল লঙ্কায় আয়োজন করা গেলে শুধু বিসিসিআই উপকৃত হবে না, বড় অঙ্কের আয় হবে শ্রীলঙ্কা ক্রিকেটেরও। তবে এসএলসির ভারত প্রস্তাবে রাজি হয় কিনা, এখন সেটিই দেখার।