করোনায় আক্রান্ত পন্ত, দেখতে গিয়েছিলেন ইউরো

ঋষভ পন্ত করোনায় আক্রান্তছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়লেও করোনায় আক্রান্ত ক্রিকেটারটির নাম প্রকাশ করা হয়নি। এবার ভারতীয় সংবাদমাধ্যমই জানিয়েছে করোনায় আক্রান্ত সেই ক্রিকেটারের নাম—তিনি ঋষভ পন্ত।

মাসখানেক আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে ভারত। সামনেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ। দীর্ঘ এ সফরে ভারতীয় ক্রিকেটাররা অনুশীলনের পাশাপাশি ঘোরাফেরা করে সময় কাটাচ্ছেন। উইম্বলডন, ইউরোর ম্যাচে দলের অনেককেই দেখা গেছে। করোনায় আক্রান্ত পন্তও কিছুদিন আগে ওয়েম্বলিতে ইউরোর ম্যাচ দেখতে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও পোস্ট করেছিলেন।

আগামী ৪ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। সে সিরিজের জৈব সুরক্ষাবলয়ে এখনো প্রবেশ করেনি ভারতীয় দল। জৈব সুরক্ষাবলয় ডারহামে শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই করোনায় আক্রান্ত হয়ে গেলেন পন্ত। তাঁকে এখন ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের থেকে আলাদা করে ফেলা হয়েছে। পন্ত এ মুহূর্ত তাঁর এক আত্মীয়ের বাড়িতে সঙ্গনিরোধ অবস্থায় আছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

এদিকে ভারতীয় ক্রিকেটারদের ই–মেইল দিয়ে আগেই এ ব্যাপারে সতর্ক করেছিল বিসিসিআই। সে মেইলে ক্রিকেটার ও অন্য সাপোর্ট স্টাফদের ইংল্যান্ডে করোনা বৃদ্ধির ব্যাপারে সতর্ক করা হয়েছিল এবং যেকোনো ধরনের ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছিল। নির্দিষ্ট করে ক্রিকেটারদের উইম্বলডন ও ইউরোর ম্যাচগুলোও দেখতে যেতে মানা করা হয়েছিল।