করোনায় ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর পন্ড হওয়ার শঙ্কা
ওয়েস্ট ইন্ডিজ দলের পাকিস্তান সফর পড়ে গেছে ঘোর অনিশ্চয়তার মধ্যে!
প্রশ্নটা উঠেছে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের আরও পাঁচ সদস্য কোভিড–১৯ পজিটিভ হওয়ার পর। এর মধ্যে তিনজন খেলোয়াড়ও আছেন।
আজ ওয়েস্ট ইন্ডিজ অফিশিয়ালদের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়। করাচিতে আজ টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
এর কয়েক ঘন্টা আগে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) এক বিবৃতিতে জানায়, ‘সফরসূচি চালিয়ে যাওয়া হবে কি না, তা নিশ্চিত করতে’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠকে বসবে সিডব্লুআই।
অর্থাৎ পাকিস্তান সফরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বাকি ম্যাচগুলো এখন হুমকির মুখে। তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ আগেই ২–০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে পাকিস্তান।
টি–টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। সূচি অনুযায়ী করাচিতে আগামী পরশু প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর কথা।
গত শনিবার ওয়েস্ট ইন্ডিজের চার খেলোয়াড় করোনা পজিটিভ হন। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মোট ৯ ক্রিকেটার কোভিড–১৯ ভাইরাসে আক্রান্ত হলেন।
সংবাদ সংস্থা এএফপিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এক অফিশিয়াল জানান, ‘সফরকারি দলের সব খেলোয়াড়ের পরীক্ষার পর’ খেলা চালিয়ে যাওয়া সম্ভব হবে কি না, তা ঠিক করতে পিসিবির সঙ্গে বৈঠকে বসা হবে।
তবে ওয়েস্ট ইন্ডিজ দল সফর বাতিল করলে পাকিস্তানের জন্য তা হবে অনেক বড় ধাক্কা। এর আগে নিরাপত্তা শঙ্কার অজুহাতে পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, নতুন করে করোনায় আক্রান্ত হওয়া পাঁচজন হলেন—উইকেটকিপার ব্যাটসম্যান শাই হোপ, বাঁহাতি স্পিনার আকিল হোসেন, অলরাউন্ডার জাস্টিন গ্রিভস, সহকারি কোচ রডি ইস্টউইক ও ফিজিও আকসাই মানসিং।
সিডব্লুআইয়ের বিবৃতিতে বলা হয়, ‘আগামী ম্যাচগুলোয় তিন খেলোয়াড়কে পাওয়া যাবে না। পাঁচজনকেই ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড থেকে বিচ্ছিন্ন করে আইসোলেশনে রাখা হয়েছে। আগামী ১০দিন কিংবা পরীক্ষায় নেগেটিভ না আসা পর্যন্ত তারা আইসোলেশনে থাকবেন।’
করোনা ও চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল এখন ছয় খেলোয়াড়ের ঘাটতিতে ভুগছে। সিরিজের বাকি একটি টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল বাছাই করাই এখন কঠিন ওয়েস্ট ইন্ডিজের জন্য। কারণ, মাঠে নামার মতো এখন ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে খেলোয়াড়সংখ্যা মাত্র ১৪জন।