ওয়েলিংটন টেস্টে যা হওয়ার তা–ই হয়েছে। ফলোঅনে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৪৪ রানে আগের দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামাতে ন্যূনতম আরও ৮৬ রান করতে হতো সফরকারী দলকে। কিন্তু আজ পঞ্চম দিনে ৭৩ রান তুলতেই বাকি ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ইনিংসে ৩১৭ রানে অলআউট হয়ে ওয়েলিংটন টেস্টেও ইনিংস ১২ রানের ব্যবধানে হারল জেসন হোল্ডারের দল। প্রথম টেস্টেও ইনিংস ব্যবধানে জিতে সিরিজটা ২–০ ব্যবধানে পকেটস্থ করল নিউজিল্যান্ড।
ওপেনার জন ক্যাম্পবেলের ফিফটির পর শেষ দিকে অধিনায়ক হোল্ডার যা একটু লড়েছেন। ৬১ রান করে আউট হন তিনি।
নিউজিল্যান্ডের চার পেসার নিল ওয়াগনার (৩/৫৪), ট্রেন্ট বোল্ট (৩/৯৬), টিম সাউদি (২/৯৬) ও কাইল জেমিসন (২/৪৩) ক্যারিবিয়দের ইনিংস মুড়িয়ে দেন। হারের পর হোল্ডার প্রশ্ন তুলেছেন স্বাগতিক দেশের আম্পায়ারদের ব্যবহার করা নিয়ে।
না, নিউজিল্যান্ড আম্পায়ারদের বিরুদ্ধে পক্ষপাতের প্রশ্ন তোলেননি ক্যারিবীয় অধিনায়ক। তাঁর প্রশ্ন, খেলোয়াড়েরা সফরে গিয়ে কোয়ারেন্টিনে থেকে মাঠে নামতে পারলে প্রতিপক্ষ দলের আম্পায়ারদের তা করতে দেওয়া হয় না কেন?
করোনাভাইরাস মহামারির মধ্যে আম্পায়ারিং পদ্ধতিতে বদল এনেছে আইসিসি। এর আগে স্বাগতিক দেশের আম্পায়ারদের বিরুদ্ধে প্রচুর পক্ষপাতের প্রশ্ন উঠত।
২৬ বছর আগে আইসিসি তাই নিরপেক্ষ দেশের আম্পায়ারদের মাঠে নামানোর নিয়ম চালু করেছিল। কিন্তু করোনাকালে সে নিয়ম থেকে সরে আসে ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা।
'নানা রকম ও আন্তর্জাতিক ভ্রমণ'–এর ঝুঁকি মাথায় রেখে নিয়মটি থেকে সরে এসে তাই স্বাগতিক দেশের আম্পায়ার ও ম্যাচ রেফারি মাঠে নামানোর নির্দেশটা এ বছরই দিয়েছে আইসিসি। নিউজিল্যান্ডের মাটিতে এ দুই টেস্ট পরিচালনা করেন স্বাগতিক দেশের অফিশিয়ালরা।
হোল্ডার মনে করেন, যেকোনো টেস্ট সিরিজে প্রশ্নবোধক সিদ্ধান্ত হতেই পারে, তবে নিউজিল্যান্ডের আম্পায়াররা ‘যুক্তিসংগত সিদ্ধান্তই নিয়েছেন।
‘কিন্তু আমি বুঝতে পারছি না স্বাগতিক আম্পায়ারদের কেন ব্যবহার করা হচ্ছে। আমরা (খেলোয়াড়) যদি ভ্রমণ করতে পারি, কোয়ারেন্টিন করতে পারি, তাহলে প্রতিপক্ষ (দলের) আম্পায়াররা ভ্রমণ ও কোয়ারেন্টিন করতে পারবে না কেন। যদি খেলোয়াড়েরা এই ত্যাগ স্বীকার করে খেলা চালিয়ে যেতে পারে, তাহলে আম্পায়ারদেরও একই কাজ করা উচিত। এমন হলে টেস্টে স্বাগতিক ও সফরকারী দলের আম্পায়ার থাকলে সেটি ন্যায্য’—বলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।