করোনায় পরিবারকে সবচেয়ে বড় 'উপহারটি' দিন

করোনাভাইরাস সংক্রমণে বিশ্ব স্থবির হয়ে পড়ায় বিপাকে পড়েছেন অনেক প্রবাসী। তাঁরা দেশে যেমন ফিরতে পারছেন না, তেমনি বিদেশেও থাকতে হচ্ছে ঘরবন্দী। ধৈর্যের পরীক্ষা দেওয়ার এ সময়ে সিঙ্গাপুরে ভারতীয় প্রবাসীদের মানসিকভাবে সাহস জোগালেন দুই দিকপাল। একজন ভারতীয় চলচ্চিত্রের, আরেকজন ক্রিকেটের—রজনীকান্ত ও শচীন টেন্ডুলকার। সিঙ্গাপুরের তথ্য ও যোগাযোগমন্ত্রী এস ঈশ্বরণের অনুরোধে ভিডিওবার্তায় পরামর্শ দিয়েছেন দুই ভুবনের দুই কিংবদন্তি।
এস ঈশ্বরণের ফেসবুক পেজে এই দুটি ভিডিও ছাড়া হয়েছে। দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হিসেবে খ্যাত রজনীকান্ত প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বলেন, করোনা সংক্রমণ থেকে বাঁচতে সব রকম বিধিনিষেধ মেনে চলতে। ‘কোভিড-১৯ মহামারির মধ্যে পরিবারকে দেওয়া সবচেয়ে বড় উপহার হতে পারে এটা’—ভিডিওবার্তায় বলেন ‘থালাইভা’খ্যাত রজনীকান্ত। পরিবারের প্রসঙ্গ টেনে আরও বলেন তিনি, ‘করোনাভাইরাস সংক্রমিত হয়েছে গোটা বিশ্বে। দূরে থাকা পরিবার এবং আত্মীয়স্বজন কিন্তু আপনার কথাই ভাবছে। যে দেশেই থাকুন না কেন সেখানকার নিয়মনীতি মেনে চলুন। এই মুহূর্তে এটাই হতে পারে আপনার পরিবারের জন্য সবচেয়ে বড় উপহার। চিন্তা করবেন না, এই সংকট কেটে যাবে।’
সংবাদমাধ্যম জানিয়েছে, সিঙ্গাপুরে করোনায় মোট আক্রান্তের মধ্যে ৬০ শতাংশই প্রবাসী। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার তাঁর ভিডিওবার্তায় বলেন, ‘নিরাপদ থাকাটা আমাদের ওপরই নির্ভর করছে। দয়া করে সরকারের বিধিনিষেধ মেনে চলুন।’ টেন্ডুলকারের ভিডিওবার্তার ক্যাপশনে এস. ঈশ্বরণ লিখেছেন, ‘ক্রিকেট আদর্শের এই কথাগুলো শুধু খেলাপ্রেমী নয়, এখানকার প্রবাসীদের জন্যও অনেক কাজে লাগবে। আমরা সবার স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছি।’