করোনা-ভীতিতে দুবাই যাচ্ছেন না সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা–আতঙ্কে দুবাই যাচ্ছেন না সৌরভ গাঙ্গুলী। ফাইল ছবি, এএফপি
করোনা–আতঙ্কে দুবাই যাচ্ছেন না সৌরভ গাঙ্গুলী। ফাইল ছবি, এএফপি

করোনাভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন প্রান্তে ৭৩০ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। এমন অবস্থায় দুবাইয়ে অনুষ্ঠেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দিচ্ছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলী। আগামীকাল মঙ্গলবার দুবাইয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সৌরভ না গেলে এসিসির সভাই স্থগিত হয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের একজন মুখপাত্র, ‘আজ রাতেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী আর সচিব জয় শাহর দুবাই রওনা হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তাঁরা যাচ্ছেন না। এ কারণে এসিসির সভাও স্থগিত হয়ে যেতে পারে।’

গত শুক্রবার সৌরভ বলেছিলেন এ বছর এশিয়া কাপ দুবাইয়ে অনুষ্ঠিত হবে। তবে তাঁর দুদিন পরেই আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি দাবি করে, সৌরভের কথা ঠিক নয়, এশিয়া কাপের ভেন্যু এখনো ঠিক হয়নি। সেটা ঠিক হবে এসিসির পরবর্তী সভায়।

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজিত হলে সেখানে ভারত অংশ নেবে না বলে আগে থেকেই জানিয়ে দিয়েছে বিসিসিআই। বিকল্প ভেন্যু হিসেবে দুবাইয়ের পাশাপাশি বাংলাদেশের নামও শোনা যাচ্ছে।