কর্ণাটকের লক্ষ্য ১৮১

প্রথম ইনিংসে ব্যাটসম্যানরাই ডুবিয়ে দিয়েছিলেন। মাত্র ১৫৮ রানে অলআউট হয়ে কর্ণাটকের বিপক্ষে তিন দিনের ম্যাচে দলকে নিয়ে গিয়েছিলেন ব্যাকফুটে। দ্বিতীয় ইনিংসে এই ব্যাটসম্যানদের পারফরম্যান্সেই ভারত সফরের প্রথম তিন দিনের ম্যাচটিতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ ‘এ’। ম্যাচের শেষ দিনে ১৮০ রানে এগিয়ে থেকে কর্ণাটকের সামনে জয়ের জন্য ১৮১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মুমিনুল হকের দল।
এনামুল হক অনেক দিন পর দারুণ একটি ইনিংস খেললেন এই ম্যাচে। ৮৯ রানে ফেরা এনামুল অবশ্য আফসোস করতেই পারেন সংগ্রহটাকে আরও বাড়িয়ে নিতে না পেরে। তবে দলের অন্যান্য ব্যাটসম্যানরা মোটামুটি রান পাওয়ায় দ্বিতীয় ইনিংসে সংগ্রহটাকে ৩০৯-এ তুলতে পেরেছে বাংলাদেশ ‘এ’।
সৌম্য সরকার এই ইনিংসে রান পেয়েছেন। কিন্তু তিনিও ইনিংসটি বড় করতে পারেননি। ৪৩ রানেই তিনি ফিরেছেন সাজঘরে। তবে ষষ্ঠ উইকেট জুটিতে তিনি নাসিরের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে দিয়েছেন অনেকটা পথ। নাসির আউট হয়েছেন ৪৪ রানে। এর আগে লিটন কুমার দাসের ব্যাট থেকে আসে ৩৮ রান। সূত্র: ক্রিকইনফো