কলকাতা নাইট রাইডার্সের রেকর্ডেও আছেন সাকিব
ক্যারিয়ারের ছয়টা বছর কলকাতা নাইট রাইডার্সে কেটেছে সাকিব আল হাসানের। দুইবার ওপার বাংলার এই ফ্র্যাঞ্চাইজিকে আইপিএল শিরোপা জেতাতে সাহায্য করেছিলেন এই তারকা অলরাউন্ডার। ছয় বছরে সাকিবের নামের পাশে কিছু রেকর্ডও যোগ হয়েছে। অর্ধ যুগ সঙ্গী হয়েই নাইট রাইডার্সের হয়ে সেরা উইকেট শিকারি বোলারের তালিকায় আছেন সাকিব।
২০১১ সালে প্রথমবারের মতো আইপিএল খেলেছিলেন সাকিব। এরপর ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে আইপিএল খেলেছেন। জাতীয় দলের সিরিজ থাকায় ২০১৩ সালে আইপিএল খেলেননি। তবে পাঁচ মৌসুম খেলে ৪৩ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারির তালিকায় সাকিব আছেন পাঁচ নম্বরে।
কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনের উইকেট ঐতিহ্যগতভাবে ছিল স্পিন সহায়ক। সে জন্য কলকাতা দলও সাজাত দুজন বিশেষজ্ঞ স্পিনারে। সাকিব ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন খেলতেন নিয়মিত। মিডিয়াম পেসার রজত ভাটিয়াও খেলতেন উইকেটের সুবিধা নিতে। কিন্তু ২০১৭ সালের পর থেকে ইডেনের উইকেটের চেহারা পাল্টে যায়। সবুজ ঘাসে মোড়ানো উইকেটের কারণে ইডেন এখন পেসারদের স্বর্গ। উইকেটের চরিত্র বদলে যাওয়ার কারণেই ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। একই বছর আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পান সাকিব। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গত দুই বছর খেলেছেন এই তারকা অলরাউন্ডার।
কলকাতার হয়ে সেরা বোলারদের তালিকায় নারাইন আছেন শীর্ষে। ১২২ উইকেটের মালিক এই অফ স্পিনার। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের আইপিএলেও কলকাতায় খেলবেন নারাইন। ৬৬ উইকেট নিয়ে কলকাতার দ্বিতীয় সেরা বোলার পীযূষ চাওলাকে গত মৌসুমে ছেড়ে দিয়েছে দলটি। এবার তিনি খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
আন্দ্রে রাসেল আছেন এই তালিকার তিনে। এখন পর্যন্ত ৫৪ উইকেটের মালিক তিনি। কলকাতার হয়ে খেলবেন এবারের আইপিএলেও। উমেশ যাদব ৪৮ উইকেটের মালিক, কলকাতার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় আছেন চারে।
কলকাতা নাইট রাইডার্সের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার:
সুনীল নারাইন—১২২ উইকেট
পীযূষ চাওলা—৬৬ উইকেট
আন্দ্রে রাসেল—৫৪ উইকেট
উমেশ যাদব—৪৮ উইকেট
সাকিব আল হাসান—৪৩ উইকেট