কলকাতায় নেমে নাজেহাল পিসিবি প্রধান

বন্ধুতার বার্তা নিয়েই ভারতে পা রেখেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান। কিন্তু কলকাতার নেতাজি সুভাষ বোস বিমানবন্দরে নেমে তাঁকে পড়তে হল এন্তার বিড়ম্বনার মধ্যে। ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে ছয় ঘণ্টা বিমান বন্দরের লাউঞ্জে বসে কাটাতে হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি একজন পাকিস্তানি নাগরিক হয়ে দিল্লি বিমানবন্দর বা ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে না ঢুকে কলকাতা দিয়ে প্রবেশ করেছেন। ব্যাপারটা ভুল বোঝাবুঝি ছিল বলাই বাহুল্য, শেষে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান জগমোহন ডালমিয়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির হস্তক্ষেপে বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই পান তিনি।
ভারতে পা রাখার আগে শুভেচ্ছা সফরে বাংলাদেশে ছিলেন শাহরিয়ার খান। ঢাকা টেস্ট শেষ করে শনিবার বিকেলে জেট এয়ারওয়েজের একটি বিমানে বাংলাদেশ ত্যাগ করেন তিনি। কলকাতায় পা রেখে অভিবাসন ডেস্কের দিকে পা রাখতেই দেখা দেয় যত সমস্যা। পাকিস্তানি নাগরিকদের ব্যাপারে ভারতীয় আইনের উল্লেখ করে শাহরিয়ার খানকে আটকে দেন কর্মকর্তারা। শাহরিয়ার খানের অবশ্য সার্ক ভিসা ছিল। কিন্তু সার্ক ভিসার ক্ষেত্রে আইনের শিথিলতা সম্বন্ধে জানতেন না ওই কর্তারা। শাহরিয়ার খান খান বিমানবন্দরে দাঁড়িয়েই যোগাযোগ করেন ডালমিয়ার সঙ্গে। ডালমিয়া ফোন লাগান মুখ্যমন্ত্রীকে। ছয় ঘণ্টা ধরে ব্যাপারটি নিয়ে তোলপাড় চলে পশ্চিমবঙ্গ ও সর্বভারতীয় প্রশাসনে। শেষে ডালমিয়া নিজে এসে নাজেহাল-দশা থেকে উদ্ধার করেন শাহরিয়ার খানকে। ফুলের মালা দিয়েই বরণ করা হয় তাঁকে ও তাঁর স্ত্রীকে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।