কলম্বো টেস্টে আম্পায়ারের 'হাস্যকর' ভুল

পাকিস্তানের পাওয়ার কথা ছিল একটা উইকেট। এর বদলে ‘ক্ষতিপূরণ’ হিসেবে তারা পেল একটি বাড়তি রিভিউ। ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কা-পাকিস্তান কলম্বো টেস্টে।
গতকাল দ্বিতীয় টেস্টের প্রথম দিনে জুলফিকার বাবরের বলে কুশল সিলভার বিপক্ষে স্লিপে ক্যাচের আবেদন করেছিল পাকিস্তান। মাঠের আম্পায়ার সুন্দরম রবি সেই আবেদন নাকচ করে দিলে রিভিউ নেয় পাকিস্তান। দ্বারস্থ হতে হয় তৃতীয় আম্পায়ার পল রাইফেলের।
এই সিরিজে ডিআরএস ব্যবহার করা হলেও স্নিকো কিংবা হট-স্পট প্রযুক্তি নেই। ফলে রাইফেলকে বারবার রিপ্লে দেখে সিদ্ধান্তে আসতে হয়েছে। সাবেক অস্ট্রেলীয় পেসার রাইফেল রিপ্লে দেখার পর সিদ্ধান্ত নেন, বল ব্যাটে ছোঁয়নি। ফলে তিনিও নাকচ করে দেন।
কিন্তু রিপ্লেতেই দেখা যায়, বল যদি ব্যাটে না-ও লেগে থাকে, তবু এটা আউট। কারণ ক্যাচ আউট না হলেও সিলভা এলবিডব্লু ছিলেন। বল গিয়ে স্টাম্পেই লাগত। কিন্তু রাইফেলের এটা মাথাতেই আসেনি। আইসিসির ডিআরএসের নিয়মে বলা হয়েছে, কোনো সিদ্ধান্ত রিভিউ করার সময় তৃতীয় আম্পায়ারের যদি মনে হয়, যে আউটের দাবিতে রিভিউ চাওয়া হয়েছে, সেটিতে ব্যাটসম্যান নটআউট থাকলেও অন্য কোনো নিয়মে যদি আউট হন, তাহলে সেটি মাঠের আম্পায়ারকে জানাতে হবে।
ফলে ক্যাচ না হলেও এলবিডব্লুর নিয়মে তো সিলভা আউট ছিলেন। পাকিস্তানের দুঃখ বাড়িয়ে সেই সিলভা ৮০ রান করে আউট হয়েছেন, অথচ আউট হতে পারতেন ১৩ রানেই। স্বাভাবিকভাবেই এটি মানতে পারেনি পাকিস্তান। এলিট প্যানেলের একজন আম্পায়ারের এমন ভুল অবশ্যই দৃষ্টিকটু। পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে গিয়ে ব্যাখ্যা চান। কিন্তু দিনের খেলা ততক্ষণে শেষ হয়ে গেছে। সিলভাকে তো আর আউট ঘোষণা করার উপায় নেই!
এ ব্যাপারে আইসিসি কোনো বিবৃতি দেয়নি। তবে আজ খেলা শুরু হলে দেখা যায়, পাকিস্তানকে একটি রিভিউ ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই ‘ক্ষতিপূরণ’ পেয়ে পাকিস্তান কতটা সন্তুষ্ট কে জানে। এ দিকে শ্রীলঙ্কা ১৬৬ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে। হাতে আছে আর একটি উইকেট। জুলফিকার বাবর টেস্ট ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা কুমার সাঙ্গাকারার উইকেটটি পেয়ে সান্ত্বনা খুঁজেছেন। আর ৫ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার ইয়াসির শাহ।