কলম্বোয় জয় দেখছে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজহার লড়ে গেলেন একাই ছবি: এএফপি।
আজহার লড়ে গেলেন একাই ছবি: এএফপি।

আজহার আলী একাই লড়ে গেলেন একপ্রান্ত আগলে রেখে। ১১৭ রানের দারুণ একটি ইনিংসও খেললেন। কিন্তু শেষ রক্ষা কী করতে পারলেন? তাঁর প্রত্যয়ী ইনিংসটির সঙ্গে যে তাল মেলাতে পারলেন না তাঁর কোনো সতীর্থই। যোগ্য সঙ্গীর অভাবে দলের ইনিংসকেও বেশিদূর টেনে নিতে পারলেন না। ৩১৫ রানে দ্বিতীয় ইনিংস শেষ করায় জয়ের জন্য লঙ্কানদের লক্ষ্যমাত্রা এখন ১৫৩।
আজহার আলী নায়ক হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার নায়ক ধাম্মিকা প্রসাদ। ৯২ রানে ৪ উইকেট তুলে নিয়ে তিনি রাস্তা পরিষ্কার করেছেন নিজ দলের জন্য। ধাম্মিকার সঙ্গে নায়ক দুশমান্থা চামিরাও। তিনি তুলে নেন ৩ উইকেট। অধিনায়ক ম্যাথুসের ঝুলিতে গেছে দুটি।
আজহারের ১১৭ রানের ইনিংসটি আসে ৩০৮ বলের মোকাবিলায়। পুরো ইনিংসে তিনি বাউন্ডারি মেরেছেন মাত্র ৬ টি। অসাধারণ ধৈর্য আর প্রত্যয়ের প্রতিমূর্তি হয়ে খেলা তাঁর এই ইনিংসটি দেখে লজ্জাই পেতে পারেন পাকিস্তানের অন্যান্য ব্যাটসম্যানরা। আজহারের সঙ্গে কিছুটা তাল মিলিয়েছেন আহমেদ শেহজাদ (৬৯) আর নিজের শততম টেস্ট খেলতে নামা ইউনিস খান (৪০)। এঁদের পাশাপাশি আসাদ শফিকের ২৭ আর মিসবাহ-উল-হকের ২২ ছাড়া উল্লেখ করার যোগ্য আর কোনো ইনিংস নেই।
আজ চতুর্থ দিনে শেষ সেশনটা আর মাঠে গড়ায়নি। কারণ বৃষ্টি। ঘনঘোর বর্ষণে কিছুটা হলেও চিন্তিত শ্রীলঙ্কা। এই টেস্টের বাকি চার সেশনে ১৫৩ রান করলেই যেখানে জয় হাতে ধরা দেবে, সেখানে আবার বৃষ্টির উৎপাত কেন। বৃষ্টি যদি লঙ্কানদের বিরক্তি উৎপাদন করে, তাহলে পাকিস্তানকে করেছে আশান্বিত। বৃষ্টির কারণে শেষ দিনটা ভেস্তে গেলেই তো কেল্লা ফতে!
শ্রীলঙ্কাকে দেওয়া লক্ষ্যমাত্রায় যে আশান্বিত হওয়ার কিছুই নেই!