কলম্বোয় লড়ছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলের প্রথম টেস্টটা পাকিস্তান জিতেছিল প্রত্যাবর্তনের অসাধারণ এক গল্প লিখে। কলম্বো টেস্টেও সেই গল্পের পুনরাবৃত্তি হবে কি না সেটা সময়ই বলবে। তবে কাল প্রথম ইনিংসের বিপর্যয় সামলে দ্বিতীয় ইনিংসে ভালোই শুরু করেছে পাকিস্তান। আলোকস্বল্পতায় এক ঘণ্টা আগেই যখন শেষ হলো দিনের খেলা, পাকিস্তান ২ উইকেট হারিয়ে তুলে ফেলেছে ১৭১ রান। প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যাওয়া দলটি এখনো শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে ৬ রানে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে লিড নিয়েছে ১৭৭ রানের।
হাতে আছে ৮ উইকেট। ক্যারিয়ারের ২০তম ফিফটি করে (৬৪) অপরাজিত আজহার আলী ও শততম টেস্ট খেলা ইউনিস খান ব্যাট করছেন ২৩ রানে। সহজ হয়ে আসছে উইকেট। সুযোগটা কাজে লাগিয়ে পাকিস্তান কত দূর যেতে পারে দেখার বিষয় সেটিই। কাল সারা দিনই সাবধানী ব্যাটিং করেছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। ৫৯ ওভারের ইনিংসে মাত্র ১১টি চার ও ১টি ছক্কাই বলে দিচ্ছে সিঙ্গেল নিয়ে উইকেটে টিকে থাকাতেই মনোযোগ ছিল পাকিস্তানিদের। পুরো দ্বিতীয় সেশনে মাত্র ২টি বাউন্ডারি ছিল পাকিস্তানের ইনিংসে।
শুরুটা অবশ্য ভালো হয়নি। চতুর্থ ওভারে ওভারে দলীয় ৯ রানেই অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে স্লিপে কুমার সাঙ্গাকারার হাতে ক্যাচ তুলে দেন মোহাম্মদ হাফিজ। দ্বিতীয় উইকেট নিতে লঙ্কানদের অপেক্ষা করতে হয় ৪৪ ওভার। ১২০ রান যোগ হওয়ার পর বিচ্ছিন্ন হয় আহমেদ শেহজাদ ও আজহার আলী জুটি। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করে ৬৯ রানে উইকেটকিপার দিনেশ চান্ডিমালের ক্যাচ হয়েছেন শেহজাদ। বোলার ছিলেন ধাম্মিকা প্রসাদ।
আধঘণ্টা বিলম্বে শুরু দিনের খেলা শেষ হয়েছে এক ঘণ্টা আগে। পাকিস্তান অবশ্য তেমন একটা সময় নেয়নি শ্রীলঙ্কার শেষ উইকেটটি তুলে নিতে। খেলা শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যে লিড ১৭৭ পর্যন্ত বাড়িয়ে অলআউট শ্রীলঙ্কা। দুষ্মন্ত চামিরার উইকেটটি পেয়েছেন ইয়াসির শাহ। ৯৬ রানে ৬ উইকেট—গল টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেওয়া পাকিস্তানি লেগ স্পিনার টানা দুই ইনিংসে পেলেন কমপক্ষে ৬ উইকেট। পাকিস্তানের স্পিনারদের মধ্যে এর আগে টানা দুই ইনিংসে ৬ উইকেট পেয়েছেন শুধু মুশতাক আহমেদ ও দানিশ কানেরিয়া। তবে দুজনই দেশের মাটিতে করেছিলেন ওই কীর্তি। ক্রিকইনফো, টেন ক্রিকেট।