কলম্বোয় শঙ্কায় অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দিন শেষে ২ রানে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। কাল চতুর্থ দিন শেষে সেই ব্যবধান বেড়ে ২৮৮ রান। কলম্বো টেস্টের শেষ দিনে আজ তাই কঠিন চ্যালেঞ্জের সামনে অস্ট্রেলিয়া। অথচ প্রথম দুই টেস্টেই হারায় ধবলধোলাই এড়াতে এই টেস্টে হারা চলবে না স্টিভেন স্মিথের দলের।
চ্যালেঞ্জ জানানোর মতো লিডের দিকে স্বাগতিকদের এগিয়ে দিয়েছে আসলে ওয়ান ডাউনে নামা কৌশল সিলভার সেঞ্চুরি। চতুর্থ দিন শেষে ৮ উইকেটে শ্রীলঙ্কার ৩১২ রানে তাঁর একারই ১১৫। টেস্টে তৃতীয় সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান বড় জুটির সঙ্গী পেলে দিন শেষে হয়তো আরও ভালো অবস্থানে থাকত শ্রীলঙ্কা। ১৫৬ রানে পঞ্চম উইকেট পড়ার পর দীনেশ চান্ডিমালের সঙ্গে কৌশলের ৯০ রানই দলের পক্ষে সর্বোচ্চ জুটি।
২৮৮ রানের লিডকেও অবশ্য নিরাপদ মনে করছে না শ্রীলঙ্কা। কাল দিন শেষে কৌশলই বলেছেন, জয়ের জন্য ৩৫০ বা তার চেয়ে বেশি রানের লিড প্রয়োজন। শেষ দুই উইকেট হাতে নিয়ে আজ সে চেষ্টাই করবে লঙ্কানরা।
সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে স্পিনাররাই বেশি সফল। শ্রীলঙ্কার ৮ উইকেটের ছয়টাই তাদের দখলে। অফ স্পিনার নাথান লায়ন একাই নিয়েছেন ৪টি, কৌশলকে স্মিথের ক্যাচ বানানো বাঁহাতি স্পিনার জন হল্যান্ড পেয়েছেন ২ উইকেট। বাকি দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার মিশেল স্টার্ক। এএফপি, ক্রিকইনফো।