কলাবাগানের জয়েই তৃপ্ত মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফির বলে ঝরল আগুন। ফাইল ছবি
মাশরাফির বলে ঝরল আগুন। ফাইল ছবি

প্রিমিয়ার লিগে প্রায় প্রতিটি ম্যাচেই শর্ট রান আপে বল করছেন মাশরাফি বিন মুর্তজা। আজ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শর্ট রান আগেই লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বিতীয় ৬ উইকেট-কীর্তি বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। ম্যাচটা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১০ রানে জিতে মাশরাফি জানালেন, ‘শর্ট রান আপে বল করলেও জায়গামতো বল ফেলার চেষ্টা করেছি। উইকেট ফ্ল্যাট হলেও জানতাম জায়গামতো বল করতে পারলে সব সময়ই তা ব্যাটসম্যানের জন্য কঠিন হয়ে যায়।’

৬ উইকেট পেয়ে খুশি মাশরাফি। তবে তার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জনটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, ‘উইকেট পেলে কার না ভালো লাগে। আমারও ভালো লাগছে। তবে বেশি ভালো লাগছে ম্যাচটা আমরা জিততে পেরেছি বলে।’
রূপগঞ্জের ১৯১ রান তাড়া করতে নেমে ৩৫.৪ ওভারে কলবাগান ৪ উইকেটে ১২৭ রান তুলে ফেলার পরপরই বৃষ্টি এসে বন্ধ করে দেয় খেলা। বৃষ্টি থামার পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লক্ষ্যমাত্রা থেকে এগিয়ে থাকার সুবাদে ১০ রানে জয়ী ঘোষণা করা হয় কলাবাগানকে।
কলাবাগানের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ছিল হাতে গোনা। পুরো ইনিংসে কলাবাগানের ব্যাটসম্যানদের ব্যাট থেকে এসেছে মাত্র ৭টি চার ও ৩টি ছয়। মাঝখানে তো টানা ২৩ ওভার কোনো বাউন্ডারিই হয়নি। এই দীর্ঘ বিরতি দিয়ে ৩৪.২ ওভারে আসিফ আহমেদকে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন তানভীর হায়দার। ৩৫.২ ওভারে তানভীর হায়দারই মেহেদী হাসান রানার বলে আরও একটি চারের মার মারেন। তানভীরের এই দুই শটেই কিন্তু শেষ পর্যন্ত নিশ্চিত হয় কলাবাগানের জয়। তানভীর অপরাজিত থাকেন ২৪ রানে। এ ছড়া জসিমউদ্দিন ও রোহান প্রেম করেন ৩৩ রান করে। রূপগঞ্জের পক্ষে ১৩ রানে ২ উইকেট নিয়েছেন আলাউদ্দিন বাবু।
২৩ ওভার বাউন্ডারি মারতে না পারার বিষয়টি খুব বড় করে দেখছেন না মাশরাফি। তাঁর মতে, ‘ব্যাটসম্যানরা মাঠে ছিল, তারা বল বুঝে খেলেছে। বারবার ব্যাটসম্যানদের কাছে বার্তা পাঠানোর কোনো মানে হয় না। দিন শেষে দল জিতেছে আসল ব্যাপার এটিই।’
আজকের জয়ও নিশ্চিত করতে পারেনি কলাবাগানের সুপার সিক্স। ৯ ম্যাচ খেলে এখনো পর্যন্ত তাদের পয়েন্ট ৮। লিগের পয়েন্ট তালিকায় এখনো দশে অবস্থান তাদের। আজ হেরেও ১১ পয়েন্ট নিয়ে রূপগঞ্জের অবস্থান চারে।