কল্পনাও করেননি ইমরান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কাছে ধবল ধোলাই হজম করতে পারছেন না ইমরান। ছবি: এএফপি
বাংলাদেশের কাছে ধবল ধোলাই হজম করতে পারছেন না ইমরান। ছবি: এএফপি

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরুর সাক্ষী হয়ে আছেন ইমরান খান। বাংলাদেশের ওয়ানডে অভিষেকের দিন পাকিস্তান অধিনায়ক নাকি বাংলাদেশ অধিনায়ক গাজী আশরাফ হোসেনকে বলেছিলেন, ‘মাঠে গিয়ে টস করার কী দরকার, এখানেই সেরে ফেলি।’ আশরাফ দৃঢ়তার সঙ্গে সেই অবজ্ঞা প্রত্যাখ্যান করেছিলেন। আশরাফ নিশ্চয়ই জানতেন, একদিন ছবিটা পাল্টে যাবে।
সেই ইমরান খান বিস্ময়ে হতবাক! প্রথমে প্রথমে যেন ভাষা খুঁজে পাচ্ছিলেন না। টি-টোয়েন্টিতেও উত্তরসূরিদের ধরাশায়ী হওয়ার খবর তখনো তাঁর কাছে পৌঁছায়নি। তার আগে ওয়ানডের বাংলাওয়াশ নিয়ে বলেছেন, ‘জীবনেও ভাবিনি পাকিস্তান কোনো দিন বাংলাদেশের কাছে ৩-০তে হারবে, র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে নেমে যাবে।’
পাকিস্তানের শীর্ষ দৈনিক ডনকে দেওয়া সাক্ষাৎ​কারে এরপর ক্রিকেট বোর্ডকে পুরো ধুয়ে দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা। কিন্তু কোথাও বাংলাদেশের জন্য প্রশংসা করেননি। পাকিস্তানের ক্রিকেট বোর্ডে স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘যোগ্যতার বদলে স্রেফ স্বজনপ্রীতির কারণে আসা লোকদের দিয়ে যতদিন বোর্ড চলবে, পাকিস্তানের ক্রিকেটের কোনো উন্নতি হবে না। দুঃখজনক ব্যাপার হলো এ দেশে ক্রিকেট যারা চালায়, ক্রিকেট সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই।’
পাকিস্তানের ক্রিকেটের নীতি নির্ধারকদের দুর্বলতার উদাহরণ দিয়ে বলেছেন, ‘এই মুহূর্তে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান মিসবাহ-উল-হক। তাকে জাতীয় দলে প্রথম সুযোগ দেওয়া হয়েছে ৩৪ বছর বয়সে। মোহাম্মদ ইরফান সুযোগ পেয়েছে ৩০ বছর বয়সে। যেসব বয়সে খেলোয়াড়েরা অবসরের কথা ভাবে। এর থেকেই বোঝা যায় পাকিস্তানের ক্রিকেট পরিচালনা ব্যবস্থা কতটা দুর্বল।
পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নের জন্য অস্ট্রেলিয়ার ঘরোয়া অবকাঠামো অনুসরণের পরামর্শও দিয়েছেন, ‘ঘরোয়া ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাত্র ছয়টি দল। দেশের সব খেলোয়াড়কে সেই ছয় দলের মধ্যেই জায়গা করে নিতে হয় বলে ঘরোয়া ক্রিকেটেই জায়গা পাওয়ার জন্য প্রতিযোগিতাটা তীব্র হয়। এ কারণে এত বেশি ভালো মানের ক্রিকেটার বেরিয়ে আসে। অন্য দিকে পাকিস্তানে আছে ২০টি দল।’ পাকিস্তানে প্রতিভার কোনো কমতি নেই বলে মনে করেন তিনি। ঘরোয়া ক্রিকেটের দুর্বলতার কারণেই সেই প্রতিভা বিকশিত হচ্ছে না। এ ছাড়া যত দ্রুত সম্ভব পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনারও দাবি জানান ইমরান।