কল্লোলিত কোহলির ব্যাট

২০১৫ ব্যালন ডি’অর পুরস্কারের রাতে একটা ইচ্ছের কথা জানিয়েছিলেন নেইমার। যদি পেতেন মেসির বাঁ আর রোনালদোর ডান পা! নেইমারের ওই স্বপ্ন পূরণ হওয়ার নয়। মেসির অবিশ্বাস্য স্কিল, ড্রিবলিং আর রোনালদোর দুরন্ত গতি আর গোলার মতো শট কি চাইলেই পাওয়া যায়? তবে এমনই এক ‘জ্যাকপট’ পেয়ে গেছে ভারত। বিরাট কোহলির মাধ্যমে!
মুম্বাই টেস্টে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট ইনিংসটি খেললেন কাল কোহলি। ২৩৫ রানের এই ইনিংস দিয়ে টেস্টে ব্যাটিং গড়টাকে অবশেষে পঞ্চাশ পার করলেন। ইতিহাসে কোহলিই প্রথম ব্যাটসম্যান, ক্রিকেটের তিনটি সংস্করণেই যাঁর ব্যাটিং গড় এখন পঞ্চাশের ওপর। ওয়ানডেতে ৫২.৯৩ গড়ের কোহলির টি-টোয়েন্টি গড় ৫৭.১৩!
অবশ্য ব্যাটিং গড় অনেক পরের বিষয়, কোহলির ব্যাটিংয়ের সৌন্দর্য বুঝতে রসকষহীন পরিসংখ্যানের কাছে হাত পাততে হয় না। কঠিন পরিস্থিতি না হলে কোহলি নাকি ব্যাটিং করে ঠিক মজাটা পান না। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে তাড়া করে দল জেতানোয় তাঁর মতো সাবলীল আর কে আছে! কবজির আলতো একটা মোচড়ে যেকোনো কঠিন কন্ডিশনকেই ব্যাটিং-স্বর্গ বানিয়ে ফেলেন। নির্দিষ্ট কোনো শট খেলতে গিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলতে পারেন কবজির মোচড়েই।
তবু কোহলিকে নিয়ে প্রশ্ন ছিল। কারণ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোহলি যতটা প্রভাবশালী, টেস্টে তাঁর ঠিক ওই রূপটা দেখা যেত না। ওয়ানডেতে নিয়মিত বড় বড় স্কোর করলেও টেস্টে দেড় শ রান করতেই যেন অনীহা ছিল। ফলে সেরা ব্যাটসম্যানের প্রশ্নে জো রুট, এবি ডি ভিলিয়ার্স ও কেন উইলিয়ামসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছিল কোহলিকে। কে জানে টেস্ট ক্রিকেটে হয়তো চ্যালেঞ্জটা পাচ্ছিলেন না! হঠাৎই তাঁকে টেস্ট দলের অধিনায়ক করে দেওয়া হলো। সবকিছু বদলে গেল এই সিদ্ধান্তেই।
এর চেয়ে কঠিন কাজ আর কিছু হতে পারে না! ভারতের অধিনায়ক হয়ে শচীন টেন্ডুলকারের মতো ব্যাটসম্যানও নাকাল হয়েছেন। কোহলির ক্ষেত্রেও সেটা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কোহলি যে অন্য ধাতুতে তৈরি। শুধু ব্যাটসম্যান হিসেবে খেলে গড়টা কখনো মধ্য চল্লিশের ওপরে নিতে পারেননি কোহলি। আর দলের বোঝা কাঁধে নিয়ে ২১ ম্যাচে কোহলির রান কাল পর্যন্ত ২০৯৬। গড় ৬৫.৫০!
২০১৬ সালটা তো রীতিমতো অবিশ্বাস্য কাটছে তাঁর। বছরের প্রথম টেস্টেই পেয়েছেন নিজের প্রথম ডাবল সেঞ্চুরি। ছয় মাস না পেরোতেই ডাবল সেঞ্চুরি তিনটি। এ বছরে এখনো একটি টেস্ট বাকি আছে, এরই মধ্যে ১২০০ রান হয়ে গেছে তাঁর। অন্য সংস্করণে তো তিনি আরও ভয়ংকর। ১০ ওয়ানডেতে ৯২.৩৭ গড়ে ৭৩৯ রান। টি-টোয়েন্টিতেও ১৩ ইনিংসে ১০৬.৮৩ (!) গড়ে ৬৪১ রান। বছর শেষ হওয়ার আগেই ২৫৮০ রান হয়ে গেছে কোহলির।
বর্তমানের সেরা ব্যাটসম্যানের প্রশ্নের উত্তর বোধ হয় পেয়ে গেল ক্রিকেট!
কোহলির কীর্তি
এক বছরে তিন বা এর বেশি ডাবল সেঞ্চুরি করা পঞ্চম ব্যাটসম্যান।
ব্র্যাডম্যানের (১০১.৫১) পর অধিনায়ক হিসেবে টেেস্ট সর্বোচ্চ গড় (৬৫.৫০)।
ইংল্যান্ডের বিপক্ষে কোনো সিরিজে ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ রান (৬৪০)।