কষ্ট করেই কেষ্ট মিলেছে পান্ডিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনসংগ্রামে হাল না ছাড়ার মানসিকতা জাতীয় দল পর্যন্ত তুলে এনেছে পান্ডিয়াকে। ছবি: এএফপি
জীবনসংগ্রামে হাল না ছাড়ার মানসিকতা জাতীয় দল পর্যন্ত তুলে এনেছে পান্ডিয়াকে। ছবি: এএফপি

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের জন্য হার্দিক পান্ডিয়াকে তুলে এনেছিলেন শচীন টেন্ডুলকার। সে পান্ডিয়া এখন ভারত দলেই খেলছেন তিন সংস্করণে। শুধু খেলছেন কী, পুরো মাতিয়ে দিচ্ছেন। গত জুলাইয়ে শ্রীলঙ্কায় টেস্ট অভিষেক, সেই সিরিজের তিন নম্বর টেস্টেই পেয়েছেন বিস্ফোরক সেঞ্চুরি। এখন পর্যন্ত তিন টেস্টের ক্যারিয়ারে অলরাউন্ডার পান্ডিয়ার ব্যাটিং গড় ৫৯.৩৩! কে বলে, আইপিএল টেস্ট ক্রিকেটার উপহার দিতে জানে না! 

আইপিএল না থাকলে ভারতীয় দলে পান্ডিয়াকে খুঁজে পাওয়া যেত কি না, সন্দেহ। আসরটিতে বিশ্বমানের ক্রিকেটারদের সংস্পর্শে আসায় আরও বেশি পরিণত হয়েছে তাঁর টেকনিক ও মানসিকতা। তাঁকে দেখলে আপাদমস্তক উচ্ছ্বাসপ্রিয় ক্রিকেটার বলেই মনে হয়। কিন্তু ভারতীয় দলের এই ‘বিটস অ্যান্ড পিসেস’ (যারা এক বিভাগে না পারলে অন্য বিভাগে ঠিকই পুষিয়ে দেয়) ক্রিকেটার উঠে এসেছেন চরম জীবনসংগ্রামের মধ্য দিয়ে।
মুম্বাই ইন্ডিয়ানসের প্রতিনিধিত্ব করছেন হার্দিক এবং তাঁর ভাই ক্রুনাল পান্ডিয়া। দুই ভাইয়ের ক্রিকেটার হয়ে ওঠার নেপথ্যে মূল অবদান তাঁদের বাবা হিমাংশু পান্ডিয়ার। শুধু ক্রিকেটের জন্যই দুই ছেলেকে বরোদা থেকে সুরাটে নিয়ে এসেছিলেন হিমাংশু। ২০১৩ সালে বরোদার হয়ে ঘরোয়া টি-টোয়েন্টি আসর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সুযোগ পান হার্দিক। হার্দিকের মুখেই শুনুন তখন তার জীবন কেমন ছিল, ‘৫ রুপি দিয়ে ম্যাগি নুডলস কিনে বাগানের মালির কাছে গরম পানি চেয়ে নিয়েছি আমি ও আমার ভাই। নুডলস তৈরি করে সেটাই আমরা মাঠে খেয়েছি সকালের নাশতা ও দুপুরের খাবার হিসেবে। ৩৬৫ দিনই এটা চলেছে।’
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবে নিজের অতীত তুলে ধরেছেন পান্ডিয়া। ক্রিকেট খেলতে গিয়ে প্রচুর দেনা হওয়ার কথাও বলেন তিনি, ‘সারা দিন মাঠে পড়ে থাকতাম। অনেক দেনা হয়ে গিয়েছিল, যা আয় করতাম তা দেনা শোধেই শেষ হতো। ১০ রুপি দূরের কথা, আমার কাছে ৫ রুপিও থাকত না।’

শুধু পান্ডিয়াই নয়, ত্যাগ স্বীকার করতে হয়েছে তার বাবা হিমাংশুকেও। সুরাটে একটি ছোটখাটো কার ফিনান্সিংয়ের ব্যবসা ছিল। সে ব্যবসা তুলে তিনি চলে এসেছিলেন বরোদায়। দুই ছেলেকে ক্রিকেট খেলার আরও ভালো সুযোগ করে দিতেই বাবার এই ত্যাগ। বরোদায় ভারতের সাবেক উইকেটকিপার কিরণ মোরের একাডেমিতে দুই ছেলেকে ভর্তি করেছিলেন হিমাংশু। এই ত্যাগ স্বীকারের প্রতিদানটা তিনি পাচ্ছেন এখন। পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনে ছেলে সেঞ্চুরি করেই বাবাকে উপহার দিয়েছে একটা গাড়ি! হার্দিক ও ক্রুনাল অবশ্য কৈশোর থেকেই ক্রিকেট খেলে সাহায্য করে আসছেন পরিবারকে। জীবনের কৈশোর-পর্বে দুই ভাই গ্রামের আশপাশে নানা টুর্নামেন্টে ‘খ্যাপ’ খেলতে যেতেন। এর বিনিময়ে যে ৪০০-৫০০ রুপি আসত, পুরাটাই তুলে দিতেন পরিবারের হাতে।

হার্দিকের জীবনকে পাল্টে দিয়েছে আইপিএল। ২০১৫ সালে তাঁকে ১০ লাখ রুপিতে কিনে নেয় মুম্বাই। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে পান্ডিয়ার মতে, তাঁর জীবনকে পাল্টে দিয়েছে অতীত সংগ্রাম। এ পর্যন্ত উঠে আসার পেছনে পান্ডিয়ার ব্যাখ্যা, ‘২০১৫ আইপিএলের আগে কেউ হার্দিক পান্ডিয়াকে চিনত না। আমি একটি সংগ্রামমুখর পরিবার থেকে উঠে এসেছি। এটা কাজে দিয়েছে, কারণ আজ যে অবস্থানে আছি তার নেপথ্যে রয়েছে ওই সময়টা। কষ্ট না থাকলে জীবনকে উপভোগ করবেন কীভাবে? ভেবে দেখুন, অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট খেলতে মুম্বাইয়ে এসে ট্রাইডেন্ট হোটেলকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে আমরা ছবি তুলেছি। কয়েক বছর পর সেই একই হোটেলে আমি থেকেছি।’
তিন ফরম্যাটেই ভারতীয় দলে নিজেকে প্রমাণ করে চলা পান্ডিয়ার জীবন পাল্টে গেলেও পাল্টায়নি তাঁর জীবনদর্শন। তাঁর কাছে কষ্টই সাফল্যের প্রথম সোপান, আর তাই পান্ডিয়া এখনো ম্যাগি নুডলস খান! সূত্র: স্পোর্টসক্রীড়া, ইন্ডিয়ান এক্সপ্রেস