কষ্ট পাচ্ছেন সুয়ারেজ
রঙ্গমঞ্চের সবচেয়ে দাপুটে অভিনেতাকে যদি দর্শকসারি থেকে হাততালি দিতে হয় তাহলে কেমন লাগে? লুইস সুয়ারেজকে জিজ্ঞেস করুন, ভালো বলতে পারবেন। ম্যাচের পর ম্যাচ দর্শকের ভূমিকায় থাকতে কেমন লাগে, সেটা তো সুয়ারেজেরই সবচেয়ে ভালো জানার কথা!
নিষেধাজ্ঞার সঙ্গে পরিচয় তাঁর অনেক দিনের। প্যাট্রিস এভরাকে বর্ণবাদী গালি দিয়ে, ইভানোভিচকে কামড়েই তো ১৮টি ম্যাচ নিষিদ্ধ ছিলেন। এবার আরও বড় শাস্তি, বিশ্বকাপে কিয়েলিনিকে কামড়ে চার মাসের জন্য নিষিদ্ধ সব ধরনের ফুটবল থেকে। বার্সেলোনা সতীর্থেরা যখন মাঠে খেলছেন, সুয়ারেজকে অসহায় দেখতে হচ্ছে গ্যালারি থেকে। এই ব্যাপারটাই বেশি পীড়া দিচ্ছে বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকারকে, ‘সত্যিটা হচ্ছে আমার খুবই কষ্ট হচ্ছে। আমি অনেক ম্যাচের জন্য নিষিদ্ধ। সময় আরও অনেক বাকি। বাইরে থেকে কিছু করতে পারছি না, সে জন্য নিজেকে অক্ষম মনে হচ্ছে।’ তবে খারাপ লাগলেও সুয়ারেজকে সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই, ‘আমি চিৎকার ছাড়া এখন আর কী ই বা করতে পারি? পরিস্থিতিটা আমাকে মেনে নিতেই হবে।’
কিন্তু পুরো ব্যাপারটা কি অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে? বড় নিষেধাজ্ঞা তিনি আগেও কাটিয়েছেন। আর সেটি যে তাঁকে সাহায্য করছে সুয়ারেজ তা জানেন, ‘আমি জানি আমাকে খুবই সতর্ক থাকতে হবে। ইংল্যান্ডে এ রকম একটা অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছিল। আমি তাই শান্তই আছি। এ রকম চাপে থেকে আমি অভ্যস্ত। আমি কোনো বাড়তি চাপ বোধ করছি না, কারণ আমি জানি আমার ওপর সবার নজর থাকবে। আমি যেটা করেছি সেটার পুরো দায় আমাকেই নিতে হবে।’
এই উপলব্ধিটা বিশ্বকাপে কামড়-কাণ্ডের আগে হলেই তো হতো! গোলডটকম।