কষ্টের হারে মেলবোর্ন অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজও আশা জাগিয়েছিলেন সাকিব-মুশফিক। কিন্তু সে আশা শেষমেশ পূরণ হয়নি। ছবি: শামসুল হক, অস্ট্রেলিয়া থেকে
আজও আশা জাগিয়েছিলেন সাকিব-মুশফিক। কিন্তু সে আশা শেষমেশ পূরণ হয়নি। ছবি: শামসুল হক, অস্ট্রেলিয়া থেকে

ক্রিকেটের বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অভিষেকটা কেমন হলো বাংলাদেশের? অনুমিতভাবেই এ প্রশ্নে দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে বাংলাদেশের দর্শকদের। আরেকটু কি ভালো করা যেত না? শ্রীলঙ্কাকে আরও কম রানে আটকে রাখা যেত না? কিংবা ব্যাট হাতে টপ অর্ডার ব্যাটসম্যানদের অমন কাণ্ডজ্ঞানহীনভাবে উইকেট ছুড়ে না দিয়ে এলে কি হতো না? এমন নানা প্রশ্ন বাতাসে ভাসিয়ে লঙ্কানদের বিপক্ষে ৯২ রানের হার মেনে নিতে হলো বাংলাদেশকে।
শ্রীলঙ্কার ৩৩২ রানের পাহাড় ঘাড়ে নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়। বাংলাদেশের উইকেট পতনের চিত্র দুই ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ১০০ রান তুলতেই ৫ উইকেট পতন! আর শেষ ৩২ রানে ৪ উইকেট। মধ্যখানে ষষ্ঠ উইকেটে সাকিব-মুশফিক ও সপ্তম উইকেটে মুশফিক-সাব্বিরের দুটি আশাজাগানিয়া জুটি।
স্কোর বোর্ডে কোনো রান না তুলেই সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। লাসিথ মালিঙ্গার বলটার লাইন না বুঝে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন এ বাঁহাতি ওপেনার। তামিম ফিরে যাওয়ার পর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন এনামুল হক-সৌম্য সরকার। দুজনের দ্বিতীয় উইকেটে আসে ৪০ রান। অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে সাঙ্গাকারার ক্যাচে পরিণত হওয়ার আগে সৌম্যর সংগ্রহ ১৫ বলে ২৫ রান। এরপর থিতু হওয়ার আগেই উইকেটে উপহার দিয়ে এসেছেন মুমিনুল হক। সুরঙ্গ লাকমলের বলে স্লিপে দাঁড়ানো মাহেলা জয়াবর্ধনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে মুমিনুলের সংগ্রহ মাত্র ১ রান।
বাংলাদেশের মতো লঙ্কান ফিল্ডারদের হাতও আজ যথেষ্ট পিচ্ছিল! দু-দুবার ক্যাচ হাতছাড়া হওয়ার পরও ইনিংসটা দীর্ঘ করতে পারেননি এনামুল। কেবল এনামুল নয়, নতুন জীবন পেয়েও সুযোগ ঠিকভাবে কাজে লাগাতে পারেনি অন্যরাও। এনামুল ৪৩ বলে ২৯ রান করে ফিরেছেন রান আউটে কাটা পড়ে। ২৮ রান করে থিসারার পেরেরার বলে দলকে আরও বিপদে ফেলে সাজঘরের পথ ধরেন মাহমুদউল্লাহ।
দলের এমনতর বিপর্যয়ে হাল ধরেন সাকিব-মুশফিক। আফগানদের বিপক্ষে ম্যাচের মতো এদিনও জুটিটা বেশ জমে উঠেছিল। কিন্তু গতিটা ধরে রাখা যায়নি। দিলশানের বলে লং-অনে মালিঙ্গার হাতে ধরা পড়ার পর সাকিবের সংগ্রহ ৪৬ রান। দুজনের ষষ্ঠ উইকেটে এসেছে ৬৪ রান। সপ্তম উইকেটে সাব্বিরকে নিয়ে লড়াই চালিয়েছিলেন মুশফিক। এ জুটিতে আসে ৪৪ রান। ৩৬ রান করে লাকমলের বলে মুশফিক বোল্ড হলেও আশার ক্ষীণ আলো জ্বালিয়ে উইকেটে ছিলেন সাব্বির। মালিঙ্গার বলে ফেরার আগে করেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান। বাংলাদেশ অলআউট ২৪০ রানে। ব্যর্থতার ভিড়ে সাব্বিরের ফিফটি বোধ হয় বাংলাদেশ ইনিংসে সবচেয়ে বড় প্রাপ্তি! লঙ্কান বোলারদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মালিঙ্গা। 

এর আগে বাংলাদেশের বাজে বোলিং ও ফিল্ডিংয়ের সুযোগে তিলকরত্নে দিলশানের অপরাজিত ১৬১, কুমার সাঙ্গাকারার ১০৫ আর লাহিরু থিরিমান্নের ৫২ রানের তিনটি ইনিংসের ওপর ভর করে লঙ্কানরা স্কোর বোর্ডে তোলে ৩৩২ রানের বিশাল এক সংগ্রহ।
এমসিজির মাঠে নিয়মিত খেলার সুযোগ মেলে না বাংলাদেশের। ফলে দারুণ এক সুযোগই ছিল আজকের ম্যাচটা স্মরণীয় করে রাখার। বাংলাদেশের আফসোসটা এখানেই, তা আর হলো কোথায়?