কাঁদবেন নাকি স্টিভ ওয়াহকে মারবেন, বুঝতে পারছিলেন না তিনি

ঘটনটা ভুলতে পারেন না জাস্টিন ল্যাঙ্গার। এমন ঘটনা আসলে যেকোনো খেলোয়াড়ের পক্ষেই ভোলা কঠিন! ২০০১ অ্যাশেজের আগে হঠাৎই ল্যাঙ্গার জানতে পারলেন, একাদশে তাঁর ঠাই মিলছে না! স্টিভ ওয়াহর কাছ থেকে যখন এমন বার্তা পেলেন, তখন তাঁর মনে হচ্ছিল অধিনায়কের কাঁধে হয় মাথাটা রেখে কাঁদবেন অথবা তাঁকে মেরেই বসবেন!
সেবার ভারতে টেস্ট সিরিজ হারের ক্ষত নিয়ে ইংলিশ গ্রীষ্মে অস্ট্রেলিয়া গিয়েছিল অ্যাশেজ খেলতে। বার্মিংহামে প্রথম টেস্টের দুদিন আগে ল্যাঙ্গারের রুমে এলেন স্টিভ। অধিনায়ক তাঁকে কী বলেছিলেন, ফক্স ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক অস্ট্রেলীয় ওপেনার ১৯ বছর আগের স্মৃতি রোমন্থন করেছেন এভাবে, 'প্রথম টেস্টের দুদিন আগে হঠাৎ আমার দরজায় কড়া নাড়লেন কিংবদন্তি স্টিভ ওয়াহ। তিনি সত্যি আমার কাছে নায়ক ছিলেন। রুমে ঢুকে আমাকে বললেন, ''তোমাকে ঠিক কীভাবে বলব, প্রথম টেস্ট তুমি খেলছ না।'' বুঝতে পারছিলাম না তাঁর কাঁধে মাথা রেখে কাঁদব নাকি ঘুষিই মেরে দেব’!
ল্যাঙ্গারের জায়গায় ম্যাথু হেইডেনের সঙ্গে ওই সিরিজে নিয়মিত ওপেন করেছেন মাইকেল স্ল্যাটার। সিরিজে মাত্র একটি টেস্টই খেলার সুযোগ পেয়েছিলেন ল্যঙ্গার। ওভালে পাঁচ ম্যাচের শেষটিতে সুযোগ পেয়েই করেছিলেন সেঞ্চুরি। সিরিজটা অস্ট্রেলিয়া জিতেছিল ৪-১ ব্যবধানে। ল্যাঙ্গার তো বললেনই, অধিনায়ক পরিচয় ছাপিয়ে স্টিভ ওয়াহ ছিল তাঁর কাছে নায়ক। সেই স্টিভই যখন কঠিন সিদ্ধান্তের কথাটা জানালেন, সেটি বড় ধাক্কা হয়ে এসেছিল ল্যাঙ্গারের কাছে, ‘এই হচ্ছেন আমার নায়ক, আমার বড় ভাই। যিনি আমাকে বলছেন তুমি বাদ! সত্যি অনেক ধাক্কা খেয়েছিলাম। বুঝতে পারিনি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
২০১৮ সালের মার্চে বল টেম্পারিংয়ের ঘটনায় এলেমেলো অস্ট্রেলিয়া দলের হাল ধরেছেন ল্যাঙ্গার, হয়েছেন প্রধান কোচ। খেলোয়াড়িজীবনে যাঁর কারণে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের পুরোটা খেলা হয়নি, গত বছর ইংলিশদের বিপক্ষে আরেকটি অ্যাশেজে সেই স্টিভকেই দলের ‘মেন্টর’ হিসেবে দলের সঙ্গে নিয়ে গিয়েছিলেন ল্যাঙ্গার।