কাঁপুনির মধ্যে পূজারা দেখাচ্ছেন ব্যাকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কান পেসাররা আজও কাঁপিয়ে দিয়েছেন ভারতকে। ছবি: এএফপি
শ্রীলঙ্কান পেসাররা আজও কাঁপিয়ে দিয়েছেন ভারতকে। ছবি: এএফপি

কলকাতা টেস্টের প্রথম দিনে ঠান্ডা বাতাসে কাঁপুনি ধরেছে সবার। তবে সেটা সবচেয়ে বেশি টের পেয়েছে ভারত দল। সুরঙ্গা লাকমলের অসাধারণ এক স্পেলে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছিল স্বাগতিক দল। দ্বিতীয় দিনেও কাঁপুনি থামেনি ভারতীয় দলের। বৃষ্টির কারণে মধ্যাহ্নবিরতির আগেই যেতে হয়েছে দুই দলকে। এর আগে ৫ উইকেটে ৭৪ রান করতে পেরেছে ভারত। 

এ স্কোরকেও আপাতত মন্দ বলা যাচ্ছে না। পঞ্চম উইকেটের পতন যে ৫০ রানেই হয়েছিল ভারতের। লঙ্কান পেসারদের এমন বোলিংয়ের পরও ভারত যে ধ্বংসস্তূপে পরিণত হয়নি, এর কৃতিত্ব চেতেশ্বর পূজারার। দাঁতে দাঁত চেপে ব্যাকরণ মেনে ব্যাটিং করে যাচ্ছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ১০২ বলে ৪৭ রানে অপরাজিত আছেন পূজারা। তাঁর সঙ্গী এখন ঋদ্ধিমান সাহা (৬*)।
আজ দিনের দুই উইকেট শ্রীলঙ্কান পেসার দাসুন শানাকার। অজিঙ্কা রাহানের পর রবিচন্দ্রন অশ্বিনকেও ফিরিয়েছেন শানাকা। উইকেটের পাশে এখনো কিছু যোগ করতে না পারলেও একটি রেকর্ড হয়ে গেছে লাকমলের। গতকাল ৬ ওভার বল করে কোনো রান দেননি। সেটা আরও দশ বল টেনে নিয়ে গেলেন। তাঁর ৪৭তম বলে গিয়ে একটি চার মেরেছেন রাহানে।
কোনো রান দেওয়ার আগেই ৪৬ বল করে ১৬ বছর পুরোনো এক রেকর্ড ভেঙেছেন লাকমল। ২০০১ সালের পর সর্বোচ্চ ৪০ বল পর্যন্ত রান না দেওয়ার রেকর্ড ছিল। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেরম টেলর গড়েছিলেন সে রেকর্ড।