কাকতালীয়ভাবে সেদিনই ছিল তাঁর জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শট খেলছেন বেইলি, অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্য এমন ভঙ্গিতে খুব কমই দেখা যেত তাঁকে।—সংগৃহীত ছবি।
শট খেলছেন বেইলি, অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্য এমন ভঙ্গিতে খুব কমই দেখা যেত তাঁকে।—সংগৃহীত ছবি।

প্রকৃতি রহস্য ভালোবাসে। না হলে দিল্লি টেস্ট কেন ৩ ডিসেম্বরই শুরু হবে! তা কী এমন বিশেষত্ত্ব এই দিনের?
উত্তর—এই দিনেই জন্ম হয়েছিল ট্রেভর বেইলির। ১৯২৩ সালের ৩ ডিসেম্বর এসেক্সে ধরাধামে পদার্পণ এই ইংলিশ অলরাউন্ডারের।
দিল্লি টেস্টের সঙ্গে বেইলির কী সম্পর্ক? কেন, দিল্লি টেস্টের শেষ দুই দিনে অনেকবারই বেইলির নামটা উচ্চারিত শোনেননি! দক্ষিণ আফ্রিকার অবিশ্বাস্য রক্ষণাত্মক ব্যাটিং ফিরিয়ে এনেছিল বেইলির স্মৃতি। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৪৪ ওভারে তুলেছে ১৪৩ রান। এবি ডি ভিলিয়ার্স ৩৫৪ মিনিটে ২৯৭ বল খেলে করেছেন ৪৩। মাত্র ৭ রানের জন্য ফিফটি হয়নি। যেটি পেলে সময়ের হিসাবে সবচেয়ে ধীর গতির ফিফটির রেকর্ডটি নিশ্চিতই কেড়ে নিতেন বেইলির কাছ থেকে। বেইলির সেই রেকর্ড-গড়া ফিফটি ৩৫৭ বলে।
৬১ টেস্টে ২২৯০ রান ও ১৩২ উইকেট ট্রেভর বেইলিকে বেশ ভালো একজন অলরাউন্ডার হিসাবেই চিনিয়ে দেয়। বোলিংয়ের চেয়েও বেশি বিখ্যাত ছিলেন ব্যাটিংয়ের জন্য। না, খুব যে সেঞ্চুরি-টেঞ্চুরি করতেন কিংবা রানবন্যা বইয়ে দিতেন, তা কিন্তু নয়। বেইলি বিখ্যাত ছিলেন ‘টুক টুক’ এর জন্য। ব্যাটিংয়ে নামলেই রান-টানের কথা একেবারেই ভুলে যেতেন, একমাত্র লক্ষ্যই থাকত আউট না হওয়া। যে কারণে তাঁর নামই হয়ে গিয়েছিল ‘শামুক বেইলি’। টেস্ট ইতিহাসের সবচেয়ে ধীর গতির হাফ সেঞ্চুরিটি তাঁকেই মানায়। মজার ব্যাপার হলো, রেকর্ডটি করার জন্য নিজের শেষ সিরিজ পর্যন্ত অপেক্ষা করেছিলেন বেইলি।
সেই সিরিজ ১৯৫৮-৫৯ অ্যাশেজ। ৫ ডিসেম্বর ব্রিসবেনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বেইলি নেমেছিলেন তিন নম্বরে। এমনিতেই উইকেটে পারলে ঘুমিয়ে পড়েন, আর এখানে দল বিপদে বলে পরিস্থিতির দাবিই ছিল তেমন। ঠেকাতে ঠেকাতেই পেয়ে গেলেন ফিফটি, ততক্ষণে উইকেটে পার করে দিয়েছেন প্রায় ৬ ঘণ্টা! শেষ পর্যন্ত ৬৮ রানে যখন আউট হলেন, ক্রিজে ৪৫৮ মিনিট পার করে দিয়েছেন, খেলে ফেলেছেন ৪২৭ বল! ব্যাট করতে নেমেছিলেন ৮ ডিসেম্বর, আউট হলেন ৯ ডিসেম্বর।

বেইলির ওই ধৈর্যের প্রদর্শনীতেও অবশ্য ম্যাচ বাঁচেনি, ডি ভিলিয়ার্সের সঙ্গে এখানেও মিল। ওই ম্যাচে ফিফটি ছিল আর একটিই, প্রতিপক্ষ নরম্যান ও’নিল করেছিলেন অপরাজিত ৭১। জিতেছিল তাঁর দল অস্ট্রেলিয়া।
ব্রিসবেনে না পারলেও বছর ছয়েক আগে প্রায় একই পরিস্থিতিতে পেরেছিলেন বেইলি। ১৯৫৩ সালে লর্ডস টেস্টে ৩৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। ৭৩ রানে চতুর্থ উইকেট পড়ার সময় শেষ দিনের প্রায় পুরোটাই বাকি। উইকেটে উইলি ওয়াটসনের সঙ্গে যোগ দিলেন বেইলি। দুজনে মিলে ১৬৩ রানের জুটি। রানটা অবশ্য কোনো ব্যাপারই ছিল না, সময় পার করাটাই ছিল একমাত্র আরাধ্য। ওয়াটসন ৩৪৬ মিনিটে সেঞ্চুরি করেছিলেন। আর বেইলি ২৫৭ মিনিটে ৭১। টেস্ট বাঁচল এই শম্বুক জুটিতে। পরে যেটি বড় ভূমিকা রাখল ইংল্যান্ডের সিরিজ জয়েও।
১৯৫৩ অ্যাশেজের চতুর্থ টেস্টেও ইংল্যান্ডের হার বাঁচানোয় ভূমিকা ছিল বেইলির। সেই ভূমিকা দ্বিমুখী—ব্যাটিংয়ে ‘টুক টুক’, বোলিংয়ে কুট বুদ্ধি! লিডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৬১ মিনিট ব্যাটিং করে ৩৮ রান করেছিলেন। তাতেও বিপদ পুরোপুরি কাটেনি। মাত্র ১১৫ মিনিটে ১৭৭ রানের লক্ষ্য পেয়েও ভালোই রান তাড়া করছিল অস্ট্রেলিয়া দল। শেষ ৪৫ মিনিটে জয়ের সঙ্গে দূরত্বটা দাঁড়াল মাত্র ৬৬ রান। বেইলি সময় নষ্ট করতে রান আপ অনেক বাড়িয়ে বোলিং করতে শুরু করলেন। বলও সব লেগ স্টাম্পের বাইরে। অস্ট্রেলিয়া লক্ষ্য থেকে ৩০ রান দূরে থাকতেই ম্যাচের সমাপ্তি।
প্রতিপক্ষের জন্য সত্যিকার এক যন্ত্রণাই ছিলেন বটে ট্রেভর বেইলি!