কাগজপত্র আটকে রেখেছে গেইল-ঝড়

>কাল ভ্রমণক্লান্তির কারণে খেলতে পারেননি রংপুরের প্রথম ম্যাচ। আজও কেন নেই ক্রিস গেইল? জানা গেল কারণটা কাগজপত্র-সংক্রান্ত
ক্রিস গেইল ঢাকায় এসে পৌঁছেছেন কাল সকালে। সকালে এসে তিনি খেলতে পারেননি দুপুরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচটি। কিন্তু আজ কেন গেইল নেই রংপুর রাইডার্স একাদশে?
রংপুর রাইডার্স যে খেলোয়াড় তালিকা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে গেইলের নামটা কেটে ফারদিন হোসেনের নাম বসানো হয়েছে, যিনি ড্রেসিংরুমে আছেন ১৫ নম্বর খেলোয়াড় হিসেবে। ম্যাচ চলার সময় দলের কারও সঙ্গে স্বাভাবিকভাবে এ নিয়ে কথা বলার উপায় নেই। তবে বিপিএল টেকনিক্যাল কমিটি ও বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস প্রথম আলোকে বললেন জ্যামাইকান ওপেনারের একাদশে না থাকার বিষয়টি, 'ওর অনাপত্তিপত্র (এনওসি) সময়মতো এসে পৌঁছায়নি। অনাপত্তিপত্র না আসায় সে নেই এই ম্যাচে। রংপুরও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছে।’
গেইলের প্রয়োজনীয়তা যে ভীষণ অনুভব করছে রংপুর, সেটি দুই ম্যাচে তাদের ইনিংস দেখেই বোঝা যাচ্ছে। কাল চিটাগংয়ের বিপক্ষে ৯৮ রানে অলআউট হওয়ার পর আজ খুলনার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা করতে পেরেছে ৩ উইকেটে ১৬৯।