কাঙ্ক্ষিত ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান
ইমরান খান

পাকিস্তান ক্রিকেটে তিনি মহানায়ক। আলাদা জায়গা নিয়ে আছেন ক্রিকেট ইতিহাসেও। তবে বিশ্বকাপ এলে একটু আলাদা করেই মনে পড়ে ইমরান খানকে। বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর রূপকথার নায়ক তিনি। ৪২ ছুঁই-ছুঁই বয়সে অনুপ্রেরণাদায়ী নেতৃত্বে বিশ্বকাপ এনে দিয়েছিলেন পাকিস্তানকে। ক্রিকেটের অনুসারীমাত্রই জানেন “ইমরান’স কর্নার্ড টাইগার্স” নামে অমর হয়ে থাকা পাকিস্তানের সেই দলটিকে, খাদের কিনারা থেকে ফিরে যে দল জিতেছিল ১৯৯২ বিশ্বকাপ। এবার সেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডেই আবারও বিশ্বকাপ আয়োজন। দেশ ছাড়ার আগে সেই ক্রিকেট নায়কের সংস্পর্শ পেতে চান মিসবাহ-আফ্রিদিরা। পিসিবি কর্তাদেরও চাওয়া এমনটিই।
পাকিস্তানের বিশ্বকাপ দল আজ দেখা করতে পারে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে। পিসিবির এক কর্তা জানিয়েছেন, ইমরানকে নিয়ে তাঁরাও ভাবছেন, ‘আমরা চাই ইমরান আমাদের ছেলেদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন। অনুপ্রেরণাদায়ী কথা বলে দলকে উজ্জীবিত করবেন, ১৯৯২ বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতার কথা শোনাবেন। ইমরানের প্রতি এই সময়ের ক্রিকেটারদের অশেষ শ্রদ্ধা। ছেলেদের অনেক পরামর্শ দিতে পারবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।’ অধিনায়ক মিসবাহও খুব করে এটি চাইছেন বলে জানালেন ওই কর্মকর্তা, ‘মিসবাহ ইমরানের শহরেরই ছেলে। ওর চাওয়া ইমরান ছেলেদের বলুক যে কত কঠিন চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করে বিশ্বকাপ জিতেছিল সেবার। মিসবাহর বিশ্বাস, বিশেষ করে দলের তরুণেরা দারুণ অনুপ্রাণিত হতে পারে ইমরানের কথা শুনে।’ পিটিআই।