কাঠগড়ায় ইংলিশ বোলিং

কোনো দিন ব্যাটিং ভালো হচ্ছে তো বোলিং খারাপ। আবার যেদিন বোলিং ভালো হয় সেদিন হতাশ করেন ব্যাটসম্যানরা। দলগত পারফরম্যান্স বলতে যা বোঝায় এ বিশ্বকাপে সেটা যেন ভুলতে বসেছে ইংল্যান্ড। ব্যাটে-বলে একসঙ্গে জ্বলে উঠতে না পারায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে এউইন মরগানের দল। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেই দলগত পারফরম্যান্স দেখা গিয়েছিল কিছুটা। এখন পর্যন্ত ইংল্যান্ডের একমাত্র জয়ও ওই পুঁচকে দলটির বিপক্ষে। কাল ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে আবার সেই পুরোনো গল্প। আগে ব্যাট করে ৩০৯ রান তোলার পরও ১৬ বল বাকি থাকতে ৯ উইকেটের হার! দায়টা তাই সরাসরি বোলারদের ওপর চাপালেন ইংল্যান্ড অধিনায়ক মরগান, ‘আমরা নিশ্চিতভাবে বোলিংয়ের কারণেই হেরেছি। আমরা স্কোরবোর্ডে লড়াই করার মতো রানই জমা করেছিলাম।’
স্কোরবোর্ডও মরগানের পক্ষেই কথা বলে। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস আর স্টিভেন ফিন—চার ইংলিশ পেসারকেই সাদামাটা মনে হয়েছে কুমার সাঙ্গাকারা আর লাহিরু থিরিমান্নের সামনে। উইকেট পাননি কেউ, চারজনেরই ইকোনমি ছয়ের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মার খেয়েছেন ওকস, তাঁর ৯.২ ওভারে খরচ ৭২ রান। বোলিংটা তাই দিন শেষে হতাশা হয়েই রইল মরগানের জন্য, ‘আজ আমরা প্রতি ওভারে অন্তত একটি বাজে বল করেছি। যখন আমরা ভালো বল করি, তখন আমাদের বোলিং আক্রমণ ভালো। আর ভালো বল না করলে প্রতিপক্ষ আপনাকে তছনছ করে দিতে পারে। আজ আমাদের বোলারদের সে রকম একটা দিন গেছে।’
অথচ ব্যাটিং শেষ করার পর ইংল্যান্ডের মুখে কিছু স্বস্তির হাসিই ছিল। ২৪ বছর ধরে ডেভিড গাওয়ারের অধিকারে থাকা রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ইংলিশ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন ২৪ বছর বয়সী জো রুট। ১৯৮৩ বিশ্বকাপে টন্টনে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ বছর বয়সে সেঞ্চুরি করেছিলেন গাওয়ার। কাল অবশ্য রুটের ১০৮ বলে ১২১ রান ছাড়া আর কোনো ইংলিশ ব্যাটসম্যান হাফ সেঞ্চুরিও করতে পারেননি। তবে সব মিলিয়ে তিন শ ছাড়ানো স্কোরটা লড়ার মতোই ছিল বলে মনে করেন মরগান, ‘জো রুট দারুণ ব্যাটিং করেছে। শ্রীলঙ্কা ৭-৮ ওভার ভালো বোলিং করেছে, তবে আমাদের ব্যাটিংয়ের শেষটাও ভালো হয়েছে। স্কোর নিয়ে খুশি ছিলাম আমরা। বিরতির সময় মনে হচ্ছিল জেতার মতো রানই তুলতে পেরেছি।’
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কা। বড় তিনটি দলের কাছে হেরে যাওয়ায় ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল-ভাগ্য এখন সুতোয় ঝুলছে। ৯ মার্চ অ্যাডিলেডে বাংলাদেশের কাছে হারলে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ঘণ্টা বাজবে ইংল্যান্ডের। তবে সেটা নিয়ে এখনই দুশ্চিন্তা শুরু করতে রাজি নন মরগান, ‘এ মুহূর্তে আমরা ওসব ভাবছি না। শুধু জানি দুটি ম্যাচ বাকি আছে, যে দুটিতে জয় আমাদের কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে পারে।’ এএফপি, রয়টার্স।